কলকাতা
বিধানসভায় গরহাজির ৩০ বিধায়ক, তৃণমূলের নজরে অনুপস্থিতির কারণ
ডিজিটাল ডেস্কঃ বাজেট অধিবেশনের শেষ দুই দিন তৃণমূল কংগ্রেসের তরফে দলীয় হুইপ জারি করা হলেও, একাধিক বিধায়ক অধিবেশনে উপস্থিত ছিলেন না। এবার তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামী ৮ই এপ্রিল দুপুর ২টায় বিধানসভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠকের সভাপতিত্ব করবেন। এছাড়া কমিটির বাকি সদস্যরা— ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচেতক নির্মল ঘোষও বৈঠকে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, ওই দিন বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। ফলে কমিটির অন্তর্ভুক্ত মন্ত্রীরা প্রথমে বিধানসভায় বৈঠকে যোগ দেবেন এবং সেখান থেকে সোজা মন্ত্রিসভার বৈঠকে যাবেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আলোচনার কেন্দ্রে থাকবেন সেই সব বিধায়ক, যাঁরা ১৯ ও ২০ মার্চ বিধানসভায় অনুপস্থিত ছিলেন। ওই দু’দিন দলের তরফে স্পষ্ট হুইপ জারি করা হয়েছিল। প্রথম দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে বেশিরভাগ বিধায়ক এলেও, অন্তত ১০ জন সেদিন অনুপস্থিত ছিলেন। তবে শেষ দিনে সেই সংখ্যা বেড়ে ৩০ ছাড়িয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ SSCমামলার রায়! হাজার হাজার চাকরি বাতিল হলেও রইল একজনের চাকরি!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। তাঁর অনুপস্থিতির কারণে বিষয়টি স্থগিত থাকলেও, ফেরার পরই প্রক্রিয়া এগোচ্ছে। ইতিমধ্যেই স্পিকারের দফতর থেকে কারা আগেভাগে ছুটির আবেদন করেছিলেন, সেই তালিকা দলের হাতে এসেছে। এরপরই নির্ধারিত হবে, কার কাছে ব্যক্তিগতভাবে ব্যাখ্যা চাওয়া হবে।
পর্যবেক্ষকদের মতে, এই বৈঠকের উদ্দেশ্য শুধু গরহাজির বিধায়কদের কৈফিয়ত নেওয়া নয়, দলের শৃঙ্খলার বিষয়েও কড়া বার্তা দেওয়া। হুইপ উপেক্ষা করে অনুপস্থিত থাকার ঘটনা ভবিষ্যতে কী বার্তা বহন করবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
