বিনোদন
দিশা সালিয়ানের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা? নতুন তদন্তের দাবি করলেন বাবা!
ডিজিটাল ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড—এমনই দাবি করে ফের তদন্তের আবেদন করলেন তাঁর বাবা সতীশ সালিয়ান। পাঁচ বছর পর নতুন করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়ে তিনি দাবি করেছেন, তাঁর মেয়ের মৃত্যু নিয়ে মুম্বই পুলিশ ভুয়ো গল্প বানিয়েছে এবং আসল সত্য আড়াল করা হয়েছে। তাঁর অভিযোগ, উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের ভূমিকা খতিয়ে দেখা দরকার এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।
সতীশ সালিয়ানের কথায়, “আমার কাছে প্রমাণ রয়েছে যে দিশা আত্মহত্যা করেনি। ওরা বলছে, ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে, অথচ ওর শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই, এমনকি কোনও হাড়ও ভাঙেনি। এটা ষড়যন্ত্র এবং এর নেপথ্যে বড় কেউ আছে।”
আরও পড়ুনঃ স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী! গড়িয়ায় ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য
২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডে এক বহুতলের নিচে দিশার নিথর দেহ পাওয়া যায়। এর এক সপ্তাহ পর, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতকে তাঁর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথম থেকেই এই দুটি মৃত্যুর মধ্যে সম্পর্ক আছে বলে জল্পনা শুরু হয়। যদিও সিবিআই-এর তদন্তে জানা যায়, সুশান্ত ও দিশার মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র নেই এবং দিশার মৃত্যু নিছকই দুর্ঘটনা।
তবে দিশার বাবার অভিযোগ, মুম্বই পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্তে গাফিলতি করেছে এবং সত্য ধামাচাপা দিয়েছে। শিব সেনার উদ্ধব শিবির অবশ্য এই দাবি উড়িয়ে দিয়ে বলছে, আদিত্য ঠাকরেকে বদনাম করতেই বিজেপি ষড়যন্ত্র করছে। তবু দিশার মৃত্যুর রহস্য এখনও ধোঁয়াশায় ঢাকা, এবং নতুন করে তদন্তের দাবি উঠতে শুরু করেছে।
