মালদা
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না ভ্যাকসিন, ক্ষোভ অপেক্ষারত মানুষদের
নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৪ মে : দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করলো অপেক্ষারত সাধারণ মানুষেরা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের কোঠাবাড়ি এলাকার মাতৃসদন স্বাস্থ্যকেন্দ্রে।
অভিযোগ, সকাল থেকে প্রতিষেধক নেওয়ার লাইনে দাড়িয়েছিলেন তারা।কিন্তু বহুক্ষণ কেটে যাওয়ার পর জানানো হয় ভ্যাক্সিন পাওয়া যাবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।ছন্দা মুখার্জী নামে এক এলাকাবাসী জানিয়েছেন, বহুদিন এখানে ভ্যাক্সিন নেওয়ার জন্য চেষ্টা করে আসছেন।প্রচুর ভীড় হচ্ছিলো। ফলে লাইনে দাঁড়িয়েও ভ্যাক্সিন না পেয়ে ফিরে যেতে হচ্ছিল। এদিন তাই সকালে লাইন দিয়েছিলেন। তবে বহুক্ষণ দাঁড়ানোর পর জানানো হয় ভ্যাকসিন পাওয়া যাবেনা। দীর্ঘক্ষণ গরমে দাঁড়িয়ে নাজেহাল হয়ে ভ্যাক্সিন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত করোনা প্রতিষেধক রয়েছে বলা হলেও সাধারণ মানুষ সঠিকভাবে তা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।যদিও করোনা ভ্যাক্সিন নিয়ে তাদের কাছে কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সব্যসাচী চক্রবর্তী।সুষ্ঠুভাবে বিভিন্ন কেন্দ্র থেকে এই ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
