রাজনীতি
জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, অস্বস্তিতে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী
ডিজিটাল ডেস্কঃ লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের (Congress) শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর আইনি পদক্ষেপ নিয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) চাইবাসা (Chaibasa) এমএলএ-এমপি আদালত। বৃহস্পতিবার আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলায় তাঁকে আগামী ২৬ জুন সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই সিদ্ধান্ত এসেছে সেই মানহানি মামলার শুনানির প্রেক্ষিতে, যা ২০১৮ সালের জুলাই মাসে বিজেপি নেতা প্রতাপ কুমার দায়ের করেছিলেন। অভিযোগ, ওই বছরের ২৮ মার্চ কংগ্রেসের এক জনসভায় রাহুল গান্ধী বিজেপিকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেন, তা ‘মানহানিকর’। সেই বক্তব্যের ভিত্তিতেই মামলা দায়ের হয় চাইবাসার সিজেএম আদালতে।
আরও পড়ুনঃ
রাহুল গান্ধীর আইনজীবী ইতিমধ্যেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন, কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেয়। সূত্রের খবর, এর আগে একাধিকবার তাঁকে সমন পাঠানো হলেও তিনি হাজির হননি। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি করা হয়েছিল। পরে রাহুল গান্ধী সেই পরোয়ানা স্থগিত রাখার জন্য ঝাড়খণ্ড হাই কোর্টে আবেদন জানান।
তবে চূড়ান্ত পর্যায়ে বিশেষ আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। আইনজীবীদের মতে, এ ঘটনায় রাহুলের উপর রাজনৈতিক ও আইনি চাপ আরও বাড়ল। এই মামলা যে আগামী লোকসভা রাজনীতিতে বিরোধীদের জন্য বড় ইস্যু হয়ে উঠতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল।
এখন দেখার বিষয়, রাহুল গান্ধী আগামী ২৬ জুন চাইবাসা আদালতে হাজিরা দেন কি না।
