অপারেশন সিঁদুর
ভারতের সাথে পাকিস্তান খেলতে পারবে তো? পহেলগাঁও হামলার পর জুনিয়র হকি বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ ঘিরে অনিশ্চয়তা
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার রেশ কাটেনি এখনও। আর তার মাঝেই হকি বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। চলতি বছরের নভেম্বরে ভারতের মাটিতে বসছে পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ (Junior Hockey World Cup)। তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাই ও মাদুরাইতে আয়োজিত এই টুর্নামেন্টে পুল বি’তে একই গ্রুপে পড়েছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। তবে রাজনৈতিক টানাপড়েনের আবহে পাক হকি দলের ভিসা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় শহিদ হওয়ার পর ভারতের প্রতিরক্ষা বাহিনী চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এরপরই পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এমন অবস্থায় জুনিয়র বিশ্বকাপ হোক বা সেপ্টেম্বরে বিহারের রাজগিরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকি (Asia Cup Hockey), পাকিস্তান দল ভারতে আদৌ আসতে পারবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
আরও পড়ুনঃ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, খড়্গপুরে মার খেয়ে থানায় সিপিএম নেতা
হকি ইন্ডিয়ার (Hockey India) এক পদস্থ কর্তা নাম প্রকাশ না করে জানান, “আমরা নিয়মিত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছি। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান দলকে ভিসা দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।”
জানা গিয়েছে, জুনিয়র হকি বিশ্বকাপে ২৪টি দল অংশ নিচ্ছে। ড্র অনুযায়ী ভারত, পাকিস্তান, চিলি ও সুইজারল্যান্ড রয়েছে পুল বি’তে। ১৯৭৯ সালে প্রথমবারের মতো বিশ্বজয়ী হয়েছিল পাকিস্তান, তবে এরপর আর সেই ছন্দে দেখা যায়নি তাদের। অন্যদিকে, ২০১৬ সালে লখনউয়ে শেষবার খেতাব জেতে ভারত।
তবে এবার হকির ময়দানেও কি বন্ধ হবে ভারত-পাক দ্বৈরথ? সরকারি সিদ্ধান্তের দিকেই তাকিয়ে হকি দুনিয়া। মাঠের লড়াইয়ের আগেই কূটনৈতিক সংঘাতে আটকে থাকতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হকিযুদ্ধ।
