রাজনীতি
তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, খড়্গপুরে মার খেয়ে থানায় সিপিএম নেতা
ডিজিটাল ডেস্কঃ খড়গপুরের খরিদা (Kharida, Kharagpur) এলাকায় প্রকাশ্যে প্রবীণ সিপিএম নেতা অনিল দাস (Anil Das)–এর উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোল (Baby Kole) ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুধু বেধড়ক মারধরই নয়, জুতোপেটা করার মতো নৃশংস আচরণও করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত একটি পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে। অভিযোগ, বেবি কোল এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দেন। প্রতিবাদ করেন সিপিএম নেতা অনিল দাস। আর তার জেরেই সোমবার রাস্তার উপর তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
আরও পড়ুনঃ কসবা গণধর্ষণকাণ্ডের জেরে সাউথ ক্যালকাটা ল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা রীতিমতো টেনে হিঁচড়ে অনিলবাবুকে রাস্তায় ফেলে মারধর করে। প্রাণ বাঁচাতে একটি রংয়ের দোকানে আশ্রয় নেন তিনি, কিন্তু সেখানে ঢুকেও নিস্তার পাননি। দোকানের রং ভর্তি কৌটা তাঁর দিকে ছুঁড়ে মারারও অভিযোগ উঠেছে।
পরবর্তীতে অনিল দাস খড়গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করেছেন খড়গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার (Pradip Sarkar)। তিনি বলেন, “এই ঘটনা নিন্দনীয়। বেবি কোল বর্তমানে দলের কোনও দায়িত্বে আছেন কি না, আমি জানি না। কিন্তু পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয়।”
এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত বেবি কোলের কোনও মন্তব্য মেলেনি। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তির দাবি তুলেছেন।
