রাজনীতি
হাসপাতাল ছেড়ে এখন ঘরে, অভিজিৎকে দেখতে গিয়ে কী বললেন সুকান্ত?
ডিজিটাল ডেস্কঃ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। গত কয়েক সপ্তাহে যিনি প্রাণসংশয় নিয়ে লড়েছেন, মঙ্গলবার তাঁকে দেখতে হাজির হলেন রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হাসপাতাল থেকে ছাড়া পেলেও, এখনও সম্পূর্ণ সেরে ওঠেননি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আপাতত তিনি রয়েছেন দিল্লির বাসভবনে, চিকিৎসকদের কঠোর নজরদারিতে।
এদিন দিল্লির বাসভবনে গিয়ে সাংসদের সঙ্গে সময় কাটান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। পরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ। ওঁর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছি। আমরা সকলে চাই, খুব তাড়াতাড়ি অভিজিৎবাবু (Abhijit) সাংসদীয় দায়িত্বে পূর্ণ উদ্যমে ফিরুন।”
আরও পড়ুনঃ ‘ডিভোর্স নয়, সোজা মৃত্যুই চাই’— বউয়ের অত্যাচারে হাঁফিয়ে রাষ্ট্রপতিকে চিঠি নির্যাতিত স্বামীর
প্রসঙ্গত, গত ১৪ জুন আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তমলুকের সাংসদ। ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে ধরা পড়ে, প্রাক্তন বিচারপতি ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস’ (Gastrointestinal Sepsis)-এ আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির এইমস (AIIMS Delhi)-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই শুরু হয় জোরদার চিকিৎসা। একসময় তাঁর শারীরিক পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে উঠেছিল যে দলে-দলে বিজেপি নেতা, মন্ত্রীরা হাসপাতালে পৌঁছতে শুরু করেন।
গত ২৮ জুন এইমসে অভিজিৎবাবুকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর ১ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনও লং ট্র্যাভেল বা জনসমাগম এড়িয়ে চলতে হচ্ছে তাঁকে। আপাতত দিল্লির বাসভবনেই বিশ্রামে রয়েছেন।
রাজ্য রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তনের দিকেই এখন তাকিয়ে গেরুয়া শিবির। সুকান্ত জানিয়ে দিলেন, “আশা করছি, খুব দ্রুতই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফিরবেন রাজনীতির ময়দানে— পুরনো জেজোর মতো।”
