খুন
প্রেমিককে পেতে দুই বছরের কন্যাকে খুন! মায়ের বিরুদ্ধে গলায় দড়ি দেওয়ার অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ দুই বছরের শিশুকন্যা হয়ে উঠেছিল মা-মেয়ের সম্পর্কে কাল। শুধু প্রেমিককে পাওয়ার লোভে নিজের সন্তানেরই জীবন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার ধাওয়াপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তি থানার উত্তর কুসুম দক্ষিণ পাড়ার গৃহবধূ মিনা খাতুন (Meena Khatun) সম্প্রতি পরিচিত হন নদিয়ার রাহুল শেখের (Rahul Sheikh) সঙ্গে। রাহুলের আগেও একাধিক বিয়ে হয়েছে, আছে বহু সন্তানও। বর্তমানে দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সে সংসার করছিল। মিনা তার স্বামীর ঘর ছেড়ে, নিজের শিশুকন্যা লামিয়াকে (Lamiya) নিয়ে চলে আসেন প্রেমিক রাহুলের কাছে পলাশিপাড়ায়।
আরও পড়ুনঃ মোদী-স্টারমারের বৈঠকের পর ঐতিহাসিক FTA স্বাক্ষর, ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যে ভারত-ব্রিটেন
সপ্তাহখানেক আগে শুরু হয় তাদের সহবাস। বুধবার সন্ধেয় দুজনে জানান, ডায়রিয়ায় মৃত্যু হয়েছে লামিয়ার। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর যায়। জিজ্ঞাসাবাদে রাহুল ও মিনা স্বীকার করে, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করেছে তারা।
তদন্তে উঠে আসে, রাহুল মিনাকে শর্ত দিয়েছিল—শিশুকে না মারলে সে বিয়ে করবে না। স্বামীর কাছে ফেরার কোনও রাস্তা না দেখে, প্রেমিকের মন জয় করতেই নিজের সন্তানকে খুন করেন মিনা।
রাহুলের কাকা লালন শেখের অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করেছে পলাশিপাড়া থানার পুলিশ। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। বৃহস্পতিবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।