ভাইরাল খবর
‘ইডির পশ্চাৎদেশে ডাণ্ডা মারার নিদান’! প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূল নেতার
ডিজিটাল ডেস্কঃ আইপ্যাক (IPAC)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি (ED – Enforcement Directorate)-র তল্লাশিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে ইডির বিরুদ্ধে চরম ও উসকানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল (TMC)-এর হালদিবাড়ি টাউন ব্লক সভাপতি তথা হালদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস।
শুক্রবার বিকেলে তৃণমূলের ডাকে হালদিবাড়ি শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিতাভ বিশ্বাস বলেন, ইডি আইপ্যাকে গিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নথি বাঁচাতেই সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চোর’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা।
এখানেই থামেননি তিনি। ইডির বিরুদ্ধে “পশ্চাৎদেশে ডাণ্ডা মারা উচিত” বলার পাশাপাশি বিজেপি (BJP) কর্মীদের গুলি করে দেওয়ার হুঁশিয়ারিও দেন। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
বিজেপি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট বুবাই কর এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন, “দেখুন শাহজাহানের দল আর মমতার দল এক। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে বাঁচতে এই কাজ করছেন।” তৃণমূলের অন্দরেও বিষয়টি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত শাসক দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ঘিরেও রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। অমিতাভ বিশ্বাসের মন্তব্যে সেই ঘটনার স্মৃতিই নতুন করে উসকে উঠছে।
