রাজ্যের খবর
উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে সোমবার শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক , ৩১ জানুয়ারী : সোমবার থেকে শুরু হচ্ছে ২০২১-র উত্তরবঙ্গ উৎসব। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাঘাযতীন পার্কের মাঠে জোরকদমে চলছে তারই প্রস্তুতিপর্ব ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার মাঠ পরিদর্শন ও মঞ্চ ঘুরে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।
সোমবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। সঙ্গে থাকবেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, সোমলতা, রাঘব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হলেও উত্তরবঙ্গ উৎসব চলবে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ দিনব্যাপী উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান অনুষ্ঠিত হবে৷ টলিউডের বিশিষ্ট সংগীতশিল্পী ও সেলেব্রিটিরাও অনুষ্ঠানে অংশ নেবেন৷ সেই উপলক্ষ্যেই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী৷ ফলে জোরকদমে প্রস্তুতি চলছে বাঘাযতীন পার্কে। রবিবার দিনভর ব্যস্ততা ছিল পুলিশ আধিকারিকদের মধ্যে। তারা গোটা অনুষ্ঠান মাঠ পরিদর্শন করার পাশাপাশি মঞ্চ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেন। উত্তরবঙ্গ উৎসব উপলক্ষ্যে বাঘাযতীন পার্ক সাজিয়ে তোলা হয়েছে৷ উল্লেখ্য সামনেই বিধানসভা ভোট৷ তার আগে উৎসবকে মুখরিত করে তুলতে অন্যান্যবারের তুলনায় এবারে ঢেলে সাজানো হচ্ছে৷
