ভাইরাল খবর
কার্ড ছাপা, কেনাকাটা শেষ—এর মধ্যেই হবু বরকে নিয়ে পালালেন কনের মা
ডিজিটাল ডেস্কঃ মেয়ের বিয়ে ছিল হাতে গোনা ৫ দিনের মাথায়। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। কার্ড বিতরণ, কেনাকাটা, অতিথি তালিকা—সবই রেডি। এর মধ্যেই ঘটল এমন ঘটনা, যা রীতিমতো শোকের ছায়া ফেলল গোটা পরিবারে। হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন কনের মা! সঙ্গে নিয়ে গেলেন নগদ টাকা ও গয়নার বিশাল সম্ভার।
ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড় জেলার। ভুক্তভোগী তরুণী শিবানী জানান, ১৬ এপ্রিল ছিল তাঁর বিয়ের দিন। বর রাহুলের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। আর সেই রাহুলই হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান তাঁর মা অনিতাকে নিয়ে। শিবানীর অভিযোগ, মা বাড়ি থেকে নিয়ে গিয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা ও প্রায় ৫ লক্ষ টাকার গয়না। মেয়ে শিবানী সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে বলেন, “মা যা খুশি করুক, আমাদের জীবনে ওঁর দরকার নেই। শুধু আমাদের টাকা আর গয়না ফেরত দিক, এটাই চাই।” শিবানীর বাবা এরইমধ্যে স্থানীয় থানায় ‘মিসিং ডায়েরি’ করেছেন।
আরও পড়ুনঃরাজারহাটে মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে! নেপথ্যে কি কারণ?
পরিবারের দাবি, বিগত কয়েক মাস ধরেই অনিতা ও রাহুলের মধ্যে ফোনে দীর্ঘ কথোপকথন হত। কখনও কখনও ২০ ঘণ্টা পর্যন্ত চলত সেই কথা! যদিও পরিবারের কেউ বিষয়টি নিয়ে বেশি কিছু বলেননি, কারণ সামনে ছিল মেয়ের বিয়ে। শিবানীর বাবা জানান, “আমি বেঙ্গালুরুতে কাজ করি। শুনেছিলাম, রাহুল এখন মেয়ের চেয়ে স্ত্রীর সঙ্গেই বেশি কথা বলে। সন্দেহ হয়েছিল, কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবিনি।”
অনিতার স্বামীর দাবি, পালানোর পর ফোন বন্ধ ছিল দু’জনেরই। অনেক চেষ্টার পরে রাহুলের সঙ্গে যোগাযোগ করা গেলে প্রথমে বিষয়টি অস্বীকার করে সে। পরে বলে, “অনিতাকে নাকি তিনি ২০ বছর ধরে কষ্ট দিয়েছেন। তাই এখন তাঁকে যেন ভুলে যাওয়া হয়।” পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। তবে স্থানীয় মহলে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ‘অবিশ্বাস্য’ ঘটনা নিয়ে।
