দেশের খবর
মুত্তাকির সাংবাদিক বৈঠকে নারীদের অনুপস্থিতি ঘিরে তালিবানের সাফাই
ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে সফররত তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সংবাদ সম্মেলন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত ১০ অক্টোবর আফগান দূতাবাসে (Afghan Embassy) আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে নাকি নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি—এই অভিযোগ সামনে আসতেই প্রতিবাদে মুখর হয়েছে সাংবাদিক মহল থেকে রাজনৈতিক মহল।
এই ঘটনাকে ঘিরে প্রশ্নের মুখে পড়েছে ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) এবং মোদী সরকার। বিরোধী দলগুলি সরব হয়েছে বিষয়টি নিয়ে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, এই সাংবাদিক সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনও প্রত্যক্ষ যোগাযোগ ছিল না।
এদিকে, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগে এবার মুখ খুলেছে তালিবান। তালিবানের রাজনৈতিক শাখার প্রধান সুহেল শাহিন (Suhail Shaheen) দাবি করেছেন, নারী সাংবাদিকদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তার ভাষায়, “আমরা নারী সাংবাদিকদের বিরুদ্ধে কোনও নির্দেশ দিইনি। কাবুলে (Kabul) আমাদের নেতারা নিয়মিত নারী সাংবাদিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রশ্নের উত্তরও দেন। এখানে কোনও বিধিনিষেধ নেই। এই অভিযোগ ভিত্তিহীন।”
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও বলা হয়েছে, দিল্লিতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলন ছিল একান্তভাবে আফগান দূতাবাসের নিজস্ব অনুষ্ঠান। এটি কোনও যৌথ সাংবাদিক সম্মেলন (Joint Press Conference) ছিল না। সেখানে মাত্র কয়েকজন পুরুষ সাংবাদিক এবং আফগান দূতাবাসের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এটাই ছিল কোনও শীর্ষ তালিবান নেতার প্রথম ভারত সফর। সফরের সময় মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S. Jaishankar)-এর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যদিও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে পর্যবেক্ষকদের মতে, ধীরে ধীরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ (Diplomatic Dialogue) এবং যোগাযোগ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারতের কাবুলে অবস্থিত দূতাবাসকেও আবার কার্যত পূর্ণ মাত্রায় চালু করা হয়েছে। এই কূটনৈতিক আবহে মুত্তাকির সাংবাদিক সম্মেলন ঘিরে এমন বিতর্ক স্বাভাবিকভাবেই যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে দিল্লিতে।


