উত্তর দিনাজপুর
রায়গঞ্জে কোটি টাকার তছরুপে ধৃত আরও এক, মোট গ্রেফতার ৩
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj) সরকারি অর্থ তছরুপের মামলায় আরও এক নতুন নাম জড়াল। কোটি টাকার দুর্নীতির এই ঘটনায় এবার গ্রেফতার হলেন দীপা সাহা অধিকারী (Deepa Saha Adhikari)। পুলিশের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ির (Jalpaiguri) লাটাগুড়ি (Lataguri) এলাকার মেটেলি থানার (Meteli Police Station) অধীনস্থ গরুমারা ফরেস্টের (Gorumara Forest) একটি রিসর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে (District Court) তোলা হয়। পুলিশ পক্ষ থেকে ৭ দিনের হেফাজতের আবেদন করা হলেও বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই তথ্য জানিয়েছেন জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার।
এই মামলায় ইতিমধ্যেই ধৃত রয়েছেন দুই সরকারি কর্মী সুব্রত চন্দ (Subrata Chand) ও দেবদীপ ভট্টাচার্য (Debdeep Bhattacharya)। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত দুই বছর ধরে জেলার ডিস্ট্রিক্ট কাউন্সিল কন্ট্রোল ব্যাঙ্ক অ্যাকাউন্ট (District Council Control Bank Account) থেকে মূলত অ্যানিমিয়া কন্ট্রোল ফান্ড (Anemia Control Fund)-এর টাকা ধাপে ধাপে তুলে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৪ কোটি ৪২ লক্ষ টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে ধৃতদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এই ঘটনায় সাম্প্রতিককালে রায়গঞ্জ থানায় (Raiganj Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন অতিরিক্ত জেলাশাসক পূর্বা দর্জি শেরপা (Additional District Magistrate Purba Darjee Sherpa)।
তার ভিত্তিতে প্রথমে সুব্রত এবং দেবদীপকে গ্রেফতার করে পুলিশ। সেই তদন্তের পর এবার দীপা সাহাকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে বলে পুলিশ সূত্রে খবর।
