বিনোদন
কপিল শর্মার রেস্তরাঁয় ফের গুলি, সলমন খানের উপস্থিতিই টার্গেট বলে দাবি গ্যাংস্টারের
ডিজিটাল ডেস্কঃ বলিউড তারকা কপিল শর্মা (Kapil Sharma)-র জনপ্রিয় রেস্তরাঁ ‘Caps Cafe’ ফের বন্দুকবাজদের নিশানায়। বৃহস্পতিবার গভীর রাতে টানা অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র। ঘটনাস্থলে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে রেস্তরাঁর জানলা ও কাচের দরজা। সৌভাগ্যবশত হতাহতের কোনও খবর নেই। এটি এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন হামলা।
শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পরই সামনে এসেছে এক ভয়ঙ্কর অডিও ক্লিপ, যা ভারতের একটি বেসরকারি সংবাদমাধ্যমের হাতে একচেটিয়া পৌঁছেছে। ওই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গোষ্ঠীর সদস্য হ্যারি বক্সারের কণ্ঠস্বর। তিনি দাবি করছেন, কপিলের রেস্তরাঁয় হামলার মূল কারণ অভিনেতা সলমন খানের (Salman Khan) উপস্থিতি। সম্প্রতি নেটফ্লিক্সের (Netflix) ‘The Great Indian Kapil Show’-এর উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন সলমন, আর তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন কপিল নিজেই—এ কারণেই দুই তারকাই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে।
আরও পড়ুনঃ কলকাতার বাণিজ্যিক ভবনে আড়ালে চলছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড
হুমকি আরও তীব্র করে হ্যারি বক্সার বলেন, “পরিচালক হোক বা অভিনেতা—যে কেউ যদি সলমন খানের সঙ্গে কাজ করে, তাকে বুকে গুলি করা হবে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটি প্রথম নয়, বরং দ্বিতীয়বার গুলি চালানো হয়েছে কপিলের রেস্তরাঁয়।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের পর থেকেই সলমন বিষ্ণোই সম্প্রদায়ের রোষানলে। যদিও লরেন্স বিষ্ণোই বর্তমানে জেলে বন্দি, তবু তার চক্র সক্রিয় রয়েছে। এদিন হামলার দায় স্বীকার করেছে চক্রের আরেক সদস্য গোল্ডি ধিলোঁ (Goldy Dhillon), যিনি পাঞ্জাব পুলিশ ও এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে কপিল বা সলমনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। লাগাতার হামলায় বলিউড মহল ও স্থানীয় মহলে আতঙ্কের ছায়া আরও ঘন হচ্ছে।
