রাজনীতি
শংকর মালাকার কংগ্রেস ছেড়ে তৃণমূলে, ভোটের আগে বড় দলবদল
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে আস্থা রেখে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা শংকর মালাকার (Shankar Malakar)। বুধবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি (Subrata Bakshi) এবং মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এর হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। ৭০ বছর বয়সি শংকর মালাকার রাজনীতিতে কংগ্রেসের ঘরানায় প্রবেশ করেন এবং ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় বিধায়ক হিসেবে দশ বছর ধরে প্রতিনিধিত্ব করেন।
শংকর মালাকার তপসিলি সম্প্রদায়ের মধ্যে বিশাল প্রভাব বিস্তার করেন এবং তার হাত ধরেই ওই অঞ্চলে কংগ্রেসের সংগঠন শক্তিশালী হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিশাল সাফল্যের পরেও উত্তরবঙ্গে ঘাসফুল শিবির তেমন শক্তিশালী করতে পারেনি। তবে এই অঞ্চলেই শংকর মালাকার শিবির বদল করে তৃণমূলে যোগ দিচ্ছেন।
আরও পড়ুনঃ ক্যানসার আক্রান্ত সোমার মতোই মানবিক সুবিধা চায় চাকরিহারা দৃষ্টিহীন শিক্ষকরা
তৃণমূলের পতাকা হাতে নেয়ার সময় শংকর মালাকার বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন উন্মাদনায় আপ্লুত। বিরোধী দলের বিধায়ক হিসেবে উন্নয়ন করতে পারিনি। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করছেন, তাতে আমি মুগ্ধ। তাই এই তৃণমূলে যোগদান করছি।”
কিন্তু রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, আগামী ছাব্বিশের নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি আসনে তাঁকে তৃণমূলের প্রার্থী করা হতে পারে। এই দলে যোগদানের মাধ্যমে শংকর মালাকার নতুন করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে চলেছেন।
