বিনোদন
টিভিতে সলমনের হঠাৎ জীবন বাণী: ‘হাতে সময় খুব কম’ কেন বললেন তিনি?
ডিজিটাল ডেস্কঃ টেলিভিশনের পর্দায় ধামাকাদার সূচনা হয়েছে ‘বিগ বস’ (Bigg Boss) সিজন ১৯-এর। প্রতি বছরের মতো এবারও সঞ্চালকের আসনে রয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। তবে এইবারের একটি পর্বে আচমকা সলমনের মুখে “হাতে সময় খুব কম”—এই কথা ঘিরে জল্পনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
শনিবারের বিশেষ পর্বে প্রতিযোগী অমল মালিক (Amol Malik) জানান, তিনি দুপুরে একটু বিশ্রাম নিতে চান। সেই ইচ্ছেকে কেন্দ্র করে সলমন নিজের জীবনদর্শন ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। তিনি বলেন—
“জীবনটাকে সবসময় উপভোগ করতে হবে। কাজকেই দিতে হবে প্রাধান্য। আমরা জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি, সামনে যেটুকু বাকি—তা খুবই অল্প। তাই হাতে সময়ও কম। সবসময় অ্যাক্টিভ (Active) থাকাই সবচেয়ে ভালো উপায়।“
এই কথা বলেই তিনি বর্ষীয়ান অভিনেত্রী কণিকা সদানন্দ (Kanika Sadanand)-এর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “আমি ঠিক বললাম তো?” কণিকা সম্মতিসূচকভাবে বলেন, “হ্যাঁ, ঠিকই বলেছ।“
প্রসঙ্গত, সলমন এখন ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) ছবির প্রস্তুতিতে ব্যস্ত। এই ছবিতে তাঁকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু-র চরিত্রে। পাশাপাশি চলেছে ‘বিগ বস’ এর নিয়মিত শুটিং। ডিসেম্বরে ৬০ বছরে পা রাখতে চলেছেন সলমন।


