বিনোদন
প্রিয়া মারাঠে আর নেই: ৩৮ বছর বয়সে শেষ নিশ্বাস, শোকে বিনোদন জগৎ
ডিজিটাল ডেস্ক: মারাঠি ও হিন্দি ছোটপর্দার এক পরিচিত মুখ, প্রিয়া মারাঠে আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে জীবনযুদ্ধে ইতি টানলেন এই প্রতিভাবান অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। রবিবার, ৩১ আগস্ট ভোরবেলা মুম্বইয়ের মীরা রোডে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়া। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টেলিভিশন জগত।
২০০৭ সালে মারাঠি ধারাবাহিক ইয়া সুখানো ইয়া দিয়ে শুরু হয়েছিল প্রিয়ার অভিনয় যাত্রা। তারপর একে একে অভিনয় করেছেন বহু জনপ্রিয় মারাঠি সিরিয়ালে। কিন্তু তাঁর প্রতিভার ঔজ্জ্বল্য থেমে থাকেনি শুধু মারাঠি টেলিভিশনে। হিন্দি ধারাবাহিকে বিদ্যা বালি (কসম সে), বর্ষা (পবিত্র রিশতা), জ্যোতি (বড়ে আচ্ছে লাগতে হ্যায়) এবং ভাবনী রাঠৌর (সাথ নিভানা সাথিয়া) চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেয়। এমনকি কমেডি সার্কাস এর মতো রিয়্যালিটি শোতেও তিনি ছিলেন জনপ্রিয় মুখ।
ব্যক্তিগত জীবনে অভিনেতা শান্তনু মোগেকে বিয়ে করেছিলেন প্রিয়া, যিনি স্বরাজ্যরক্ষক সম্ভাজি ধারাবাহিকে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান। এই দম্পতি ছোটপর্দার অন্যতম আলোচিত ও প্রশংসিত জুটি ছিলেন।
প্রিয়ার মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমে এসেছে গভীর শোক। সহশিল্পী, নির্মাতা থেকে অনুরাগী—সকলেই তাঁকে স্মরণ করছেন এক প্রতিভাবান, উজ্জ্বল এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে। তাঁর এই অসময়ে চলে যাওয়া শিল্পীমহলে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।


