রায়গঞ্জ
উত্তর দিনাজপুরে প্রধান শিক্ষক নিয়োগে জট কাটছে, অভিযোগ শুনল প্রাথমিক শিক্ষা সংসদ
ডিজিটাল ডেস্কঃ শেষমেশ আদালতের রায় মেলায় ফের গতি পেল উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বুধবার কর্ণজোড়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অনুষ্ঠিত হল নিয়োগে বাদ পড়া অভিযোগকারী আবেদনকারীদের নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি। উপস্থিত ছিলেন গোটা জেলার বিভিন্ন সার্কেল থেকে আসা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা।
সংসদের তরফে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছরের ১৮ই সেপ্টেম্বর (মেমো নং- ১৫১১)। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করেন বহু ইচ্ছুক শিক্ষক। তবে পরে প্রকাশিত তালিকায় বাদ পড়ে যান জেলার একাধিক শিক্ষক-শিক্ষিকা। তাঁরা সংসদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন এবং আদালতের দ্বারস্থ হন। দু’দফায় বৈঠক ডাকার পরেও তা ভেস্তে যায়, ফলে নিয়োগ সংক্রান্ত মামলা চলে আদালতে। অবশেষে আদালতের নির্দেশে ফের ডাকা হয় বাদপড়া আবেদনকারীদের। বুধবার সকাল ১১টা থেকে শুরু হয় শুনানি। অভিযোগকারীরা প্রমাণ-সহ হাজির হন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরে।
আরও পড়ুনঃ জল চাই না, বিষ দিন! পুলিশের দেওয়া জল ফিরিয়ে দিলেন চাকরিহারারা
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নাজিমুদ্দিন আলি জানিয়েছেন, “আদালতের নির্দেশ মেনেই দ্রুত এই শুনানি ডাকা হয়েছিল। আমরা চাই, শুন্যপদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হোক। শীঘ্রই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।”
এদিনের শুনানিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্বও। তাঁরাও জানিয়েছেন, আদালতের পথ অনুসরণ করেই যাতে জেলা জুড়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা যায়, সেটাই এখন অগ্রাধিকার। এই উদ্যোগে খুশি অভিযোগকারী শিক্ষকরাও। অনেকেই আশার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন ও দ্রুত নিয়োগের দাবিতে একজোট হন। জেলার শিক্ষা মহলে এই শুনানি ও পদক্ষেপকে ‘সঠিক পথে এগোনোর ইঙ্গিত’ বলেই মনে করা হচ্ছে।
