ভাইরাল খবর
মাত্র ৩৫ বছরেই প্রয়াত ওড়িয়া গায়ক হুমানে সাগর—নিউমোনিয়া ও লিভার ফেলিওরে মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ নিউমোনিয়া (Pneumonia), অকেজো লিভার (Liver Failure) এবং শরীরের একাধিক অঙ্গ বিকল (Multiple Organ Failure)—এমনই ভয়াবহ জটিলতার বিরুদ্ধে তিনদিন ধরে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক হুমানে সাগর। মাত্র ৩৫ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবনপ্রদীপ। সোমবার রাতে ভুবনেশ্বর এইমস (AIIMS Bhubaneswar)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর অসুস্থতার কারণে তাঁকে লাইফ-সাপোর্ট সিস্টেমে রাখা হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
১৪ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হুমানে সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইল্যাটারাল নিউমোনিয়া (Bilateral Pneumonia), অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর (Acute Chronic Liver Failure), মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (MODS)—এমন একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে আক্রমণ করেছিল তাঁকে। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও জরুরি চিকিৎসা শুরু হলেও কোনোটিই আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। সোমবার রাত ৯টার পর থেমে যায় তাঁর জীবন-মৃত্যুর লড়াই।
তিতিলাগড়ের এক সঙ্গীত–প্রীত পরিবারে জন্ম নেওয়া হুমানে সাগরের সুরের প্রতি ঝোঁক ছিল শৈশব থেকেই। টেলিভিশনের জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শো থেকে তাঁর বিনোদনজগতে প্রবেশ। ২০১৫ সালে প্রথম প্লেব্যাকের সুযোগ পেয়েই তিনি নিজের প্রতিভা প্রমাণ করেছিলেন। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে দ্রুত ঠেলে দেয় সংকটের মুখে—অকালেই থেমে যায় প্রতিধ্বনিময় সুরময় জীবন।
গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “হুমানে সাগরের মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর অকালমৃত্যু আমাদের সিনেমা ও সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি।” কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ বৈজয়ন্ত পান্ডাসহ বহু শিল্পী-ব্যক্তিত্ব তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
