উত্তর দিনাজপুর
দিল্লি ব্লাস্ট কেসে নতুন মোড়—উত্তর দিনাজপুরে NIA-র হানা, আটক এক যুবক চিকিৎসক
ডিজিটাল ডেস্কঃ দিল্লির ভয়াবহ বিস্ফোরণ (Explosion) কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় তদন্তে নেমেছে NIA (National Investigation Agency)-সহ একাধিক তদন্তকারী সংস্থা। তদন্তের অগ্রগতির মধ্যেই এ বার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে এক চিকিৎসককে আটক করল NIA। গ্রেফতার হওয়া চিকিৎসকের নাম জানিসার আলম (Zanisar Alam), ওরফে জিগার (Jigar)।
সূত্রের খবর, শুক্রবার সকালে ডালখোলা থানার সূর্যাপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালান NIA-র আধিকারিকেরা। সেখান থেকেই জানিসার আলমকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঘটনায় হতবাক হয়ে যান এলাকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই এলাকায় পৌঁছে যায় তদন্তকারী দলের গাড়ি, এরপর গোটা জায়গা ঘিরে ফেলা হয় এবং কিছুক্ষণ পরেই চিকিৎসককে হেফাজতে নেয় NIA।
জানা গিয়েছে, বহু বছর আগে জানিসার আলমের পরিবার লুধিয়ানায় চলে যায়। তাঁর বাবা তৌহিদ আলম সেখানকার এক কোয়াক (Quack) ডাক্তারের সঙ্গে কাজ করতেন। সেখান থেকেই ছেলে জানিসারের পড়াশোনার ভিত্তি তৈরি করেন তিনি। পরে জানিসার আলম হরিয়ানা (Haryana)-র Al Falah University থেকে ২০২৪ সালে MBBS পাশ করেন।
গত রবিবার তিনি MD (Doctor of Medicine) পরীক্ষা দিতে চণ্ডীগড়ে যান। এরপর ১২ তারিখ বুধবার পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়িতে ফেরেন। আর তার ঠিক দু’দিন পর, শুক্রবার সকালে তাঁকে আটক করে নিয়ে যায় NIA।
ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, চিকিৎসকের গ্রেপ্তারের পর থেকেই গ্রামে তীব্র আলোচনা চলছে। তদন্ত সংস্থার কার্যকলাপ ঘিরে কৌতূহল ও উদ্বেগ—দুটোই বেড়েছে।