অফবিট
গায়ে পেরেক, গলায় ব্লেড! বিজেপি কর্মীর বাড়ির সামনে রহস্যময় পুতুল ঘিরে শোরগোল
ডিজিটাল ডেস্কঃ সাতসকালে রহস্যময় একটি পুতুলকে ঘিরে তীব্র শোরগোল ছড়াল নদিয়ার চাকদহে (Chakdah)। অভিযোগ, এক বিজেপি কর্মীর বাড়ির সদর দরজার সামনে ওই পুতুলটি রেখে যাওয়া হয়েছিল। পুতুলটির গায়ে পেরেক (Nail) পোঁতা, গলায় ব্লেড (Blade) লাগানো ছিল। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীর নাম নরেশ সরকার (Naresh Sarkar)। তিনি নদিয়া জেলার চাকদহ থানার (Chakdah Police Station) মদনপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতোই বাড়ির দরজা খুলতেই তাঁর নজরে পড়ে সাদা কাগজে তৈরি একটি পুতুল। কাছে গিয়ে তিনি দেখতে পান, পুতুলটির শরীরে পেরেক ও গোলাপি রঙের ছোপ রয়েছে, গলায় ঝুলছে একটি ব্লেড।
স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন নরেশ সরকার। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। অনেকেরই আশঙ্কা ছিল, পুতুলটির মধ্যে কোনও বিস্ফোরক (Explosive) থাকতে পারে। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে পুতুলটি উদ্ধার করে।
পুতুল উদ্ধারের পর স্থানীয়রা কিছুটা স্বস্তি পেলেও, কে বা কারা কী উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিজেপি কর্মীর অভিযোগ, তাঁকে ভয় দেখানো বা খুনের হুমকি (Threat) দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে চাকদহ থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, শীঘ্রই ঘটনার নেপথ্যের কারণ পরিষ্কার হবে।
