হামলা
পাকিস্তানের সামনে আরও বিপদ, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি! বললেন প্রতিরক্ষামন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে রক্তাক্ত জঙ্গি হানার পাল্টা জবাবে জ্বলে উঠেছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযানে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (PoJK) একাধিক এলাকায় আঘাত হানে ভারত। সেনা সূত্রে জানা গিয়েছে, এক রাতেই অন্তত ৯টি সক্রিয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা পাকিস্তানে এখন চরম উদ্বেগ।
এই অভিযানের বিষয়ে বুধবার যৌথ সাংবাদিক বৈঠক করেন সেনার কর্নেল সোফিয়া কুরেশি (Col. Sophia Qureshi) ও বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং (Wg. Cdr. Bhumika Singh)। তাঁদের সঙ্গে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্র (Vikram Mishra)। এই বৈঠকে উপস্থাপিত মানচিত্রে স্পষ্ট করা হয়, সওয়াই নালা (Sawai Nala) থেকে বাহাওয়ালপুর (Bahawalpur) পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে পাকিস্তান ও PoJK-তে মোট ২১টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করেছে ভারত। তার মধ্যে ৯টি ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুনঃ কাশ্মীর সীমান্তে পাক সেনার দানবীয় হামলা, মৃত ১৫, কান্নায় ভাসছে উপত্যকা
এই তথ্য সামনে আসতেই জল্পনা তুঙ্গে—বাকি ১২টি জঙ্গি ঘাঁটির কী হবে? ভারত কবে সেগুলিতেও অভিযান চালাবে, সেই প্রশ্নে আতঙ্ক ছড়িয়েছে ইসলামাবাদে।
এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) স্পষ্ট করে দিয়েছেন, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, আরও হামলা আসন্ন।
ভারতের এই পদক্ষেপ নিয়ে প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারভানে (Gen. Manoj Naravane) এক টুইটে লেখেন, “Abhi bhi picture baaki hai.” অর্থাৎ, যা হয়েছে তা শুরু মাত্র।
এদিকে সীমান্তপারে ভয় আর সন্দেহে কাঁটা পাক সেনা ও প্রশাসন। কারণ, এবার ভারত শুধু হুঁশিয়ারি নয়, প্রত্যাঘাত করছে সরাসরি মাঠে নেমে।
