ভাইরাল খবর
মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ এএসপি, গুরুতর জখম একাধিক পুলিশকর্মী
ডিজিটাল ডেস্কঃ মাওবাদীদের (Maoists) পাতা ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণে শহিদ হলেন ছত্তিসগড়ের (Chhattisgarh) এক অতিরিক্ত পুলিশ সুপার। সোমবার সকালে সুকমা (Sukma) জেলার কোন্টা-এরাবোরে রোডের কাছে এই বিস্ফোরণ ঘটে। নিহত পুলিশ অফিসারের নাম আকাশ রাও গিরিপুঞ্জে (Akash Rao Giripunje)। তিনি সুকমার অতিরিক্ত পুলিশ সুপারের (Additional SP) দায়িত্বে ছিলেন।
সূত্র অনুযায়ী, যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে সম্প্রতি একাধিক শীর্ষ মাওবাদী নেতা খতম হয়েছে। তার প্রতিবাদেই আগামী ১০ জুন ভারত বন্ধের ডাক দিয়েছে সিপিআই (মাওবাদী)। সেই ডাকে গণ্ডগোল না পাকাতে আগে থেকেই টহলে বেরিয়েছিল পুলিশ বাহিনী। কোন্টা এলাকায় জওয়ান ও উচ্চপদস্থ পুলিশ কর্তারা পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। আচমকাই মাটিতে পুঁতে রাখা একটি বিস্ফোরক আইইডি-তে চাপ পড়ে প্রবল বিস্ফোরণ হয়।
আরও পড়ুনঃ বন্ধুর স্ত্রীকে নিয়ে পালানোর মাশুল, হাবরায় বন্ধুকে কোপাল স্বামী
শহিদ আকাশ রাও (Akash Rao) ছাড়াও গুরুতর জখম হন কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার সহ আরও এক জওয়ান। আহতদের সঙ্গে সঙ্গেই কোন্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাওয়ের। আহত অন্যান্য পুলিশকর্মীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রায়পুরে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করে সুকমার পুলিশ সুপার কিরণ চবন (Kiran Chavan) এবং বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ (P. Sundarraj) বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। গোটা অঞ্চলে চিরুনি তল্লাশি চলছে, যাতে মাওবাদীরা আর কোনও ধরনের নাশকতা চালাতে না পারে।
