ধর্ম
৬২৯ বছরের হিন্দু মেলাকে থামিয়ে দিল মমতার পুলিশ! উত্তাল মালদা, আদালতে যাওয়ার হুমকি উদ্যোক্তাদের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের হিন্দু ধর্মীয় অনুষ্ঠান বন্ধের অভিযোগ। এবার ৬২৯ বছরের ঐতিহ্যবাহী রথের মেলাকে কার্যত বন্ধ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসন। মালদহ (Malda) জেলার কালিয়াচকের (Kaliachak) জালালপুরে (Jalalpur) মন মহাপ্রভূ মন্দির সংলগ্ন ঐতিহাসিক রথযাত্রার মেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ছড়াল স্থানীয় বাসিন্দা ও মেলা উদ্যোক্তাদের মধ্যে।
জানা গিয়েছে, প্রতিবছর ঐতিহ্য মেনে রথের দিন মেলা বসে এই এলাকায়। মেলা ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম হয়। স্থানীয় অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই মেলা। এবারও যথারীতি পুলিশের কাছে রথ টানা ও মেলা আয়োজনের অনুমতির জন্য আবেদন করা হয়। অভিযোগ, পুলিশ রথ টানার অনুমতি দিলেও মেলার অনুমতি দিতে সরাসরি অস্বীকার করেছে।
আরও পড়ুনঃ ‘বন্যা মানেই টাকা চুরির উৎসব’, কেন্দ্রের টাকা লুটে খাওয়ার অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি
কালিয়াচক থানার (Kaliachak Police Station) পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, মেলা চলাকালীন নাকি এলাকায় অপরাধমূলক কাজকর্ম বেড়ে যায়, এমনকি নাকি পূর্বে খুনের ঘটনাও ঘটেছে। সেই কারণেই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। উদ্যোক্তাদের প্রশ্ন, “পুলিশের যদি আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা না থাকে, তাহলে কি হাজার বছরের মেলাকে বন্ধ করে দেওয়া হবে? হাসপাতালেও তো প্রতারণা হয়, তাহলে কি হাসপাতাল বন্ধ করে দেবেন?”
উদ্যোক্তাদের অভিযোগ, ‘এটা সরকারের পরিকল্পিত সিদ্ধান্ত। হিন্দুদের ঐতিহ্য ধ্বংস করার চেষ্টা হচ্ছে। প্রশাসন চায় এই মেলা ধীরে ধীরে বন্ধ হয়ে যাক।’ তাঁরা জানান, প্রশাসনের বিরুদ্ধে তাঁরা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানাবেন। প্রয়োজনে আদালতেরও দ্বারস্থ হবেন।
রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্কও ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছে। এদিকে পুলিশ সূত্রে দাবি, সিদ্ধান্ত সম্পূর্ণ প্রশাসনিক, এর সঙ্গে ধর্মীয় আক্রমণের কোনও যোগ নেই।
মালদহের ঐতিহ্যবাহী এই রথের মেলা বন্ধের সিদ্ধান্ত ঘিরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে যে তীব্র তরজা শুরু হবে, তা বলাই যায়।
