ভাইরাল খবর
প্রথম ক্যাবিনেটেই বড় চমক! বিএসএফ-কে জমি ও আয়ুষ্মান ভারত চালুর ঘোষণা শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ নবান্নে (Nabanna) প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর পাঁচজন সতীর্থ মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের (Officials) নিয়ে আয়োজিত ক্যাবিনেট মিটিং (Cabinet Meeting) শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ৬টি বড় ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর প্রথম বড় ঘোষণা হলো সীমান্ত সুরক্ষা নিয়ে। তিনি জানান, অনুপ্রবেশ রুখতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে (BSF) কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এছাড়া, দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat), ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘বিশ্বকর্মা যোজনা’র মতো প্রকল্পগুলো আজ থেকেই রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সরকারি চাকরিতে আবেদনকারীদের জন্য বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হয়েছে। এছাড়া, আইনি ব্যবস্থায় বড় পরিবর্তন এনে রাজ্যে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (Bharatiya Nyaya Sanhita) চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও জানান, বিগত রাজনৈতিক সংঘর্ষে ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ করবে রাজ্য সরকার (State Government)।
প্রশাসনিক ক্ষেত্রে বড় পরিবর্তন এনে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে রাজ্যের আইপিএস (IPS) ও আইএএস (IAS) অফিসাররা চাইলে কেন্দ্রীয় ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। পূর্বতন সরকারের কোনো সামাজিক প্রকল্প (Social Project) বন্ধ করা হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের উন্নয়নের জন্য কাজ করবে।” সব মিলিয়ে প্রথম দিনেই কড়া হাতে শাসনের রাশ ধরলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।


