রাজনীতি
“ভারত তোমাকে রক্ষা করতে পারল না, প্রিয় স্বপ্না”! এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ জলপাইগুড়ির রাজগঞ্জে (Rajganj) ভোট-পরবর্তী অশান্তির আবহে এশিয়ান গেমসের স্বর্ণজয়ী অ্যাথলিট ও তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের (Swapna Barman) বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। এ নিয়ে সরব হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), যিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারত তোমাকে রক্ষা করতে পারল না, প্রিয় স্বপ্না।”
India FAILED YOU, dear Swapna. @Swapna_Barman96
The first Indian heptathlete to win an Asian Games Gold Medal for the nation, Swapna Barman carried India’s flag with pride on the global stage. She later joined the Trinamool Congress with the hope of serving people and was our… pic.twitter.com/si4QVh2tOJ
— Abhishek Banerjee (@abhishekaitc) May 16, 2026
শুক্রবার রাতে রাজগঞ্জের পুরনো বাড়িতে আগুন লাগে। পুলিশ ও দমকল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়িতে বর্তমানে কেউ থাকতেন না, থাকতেন স্বপ্নার দাদা। ঘটনার পর স্বপ্না জানান, ভোটের ফল প্রকাশের পর থেকেই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি তাঁকেও ভয় দেখানো হয়েছে।
অভিষেক অভিযোগ করেন, দেশের হয়ে সোনা জেতা ক্রীড়াবিদকে শুধু রাজনৈতিক অবস্থানের কারণে হিংসার শিকার হতে হচ্ছে। তাঁর প্রশ্ন, “এটাই কি গণতন্ত্রের বাস্তবতা?” তিনি আরও বলেন, উন্নয়ন ও মতাদর্শের কারণে এমন ঘটনা দেশের ভাবমূর্তিকে আঘাত করছে।
অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা রাজ্যের ভোট-পরবর্তী পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।
