ভাইরাল খবর
‘ধর্মের ভিত্তিতে আলাদা আইন নয়’! বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code-UCC) চালুর পথে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী আগস্ট মাসেই অভিন্ন দেওয়ানি বিধি (UCC Bill) বিধানসভায় পেশ করা হবে। তার আগে বিলের খসড়া (Draft Bill) আগামী ২ জুলাই মন্ত্রিসভার (Cabinet) অনুমোদনের জন্য তোলা হবে।
মুখ্যমন্ত্রী জানান, ইউসিসি কার্যকর করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি (Expert Committee) গঠন করা হচ্ছে। কমিটিতে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস (IAS), একজন আইন বিশেষজ্ঞ (Legal Expert), শিক্ষাবিদ, সমাজকর্মী এবং সাধারণ প্রশাসন দফতরের (GAD) অতিরিক্ত সচিব পর্যায়ের এক আধিকারিক।
এই কমিটিকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এরপর তাদের সুপারিশের ভিত্তিতে আগস্টের বাদল অধিবেশনে ইউসিসি বিল পেশ করবে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে পৃথক দেওয়ানি আইন (Civil Law) নয়, সকলের জন্য একটিই আইন কার্যকর হবে। তবে আদিবাসী, কুড়মি এবং অন্যান্য প্রাচীন জনজাতি (Tribal Community) এই আইনের আওতার বাইরে থাকবেন।
মুখ্যমন্ত্রী জানান, কমিটি বিবাহ (Marriage), বিবাহবিচ্ছেদ (Divorce), ভরণপোষণ (Maintenance), উত্তরাধিকার (Succession), সম্পত্তি বণ্টন (Property Rights), দত্তক (Adoption), সন্তানের অভিভাবকত্ব (Guardianship) ও লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship)-সহ মোট ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে সমীক্ষা চালাবে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতও নেওয়া হবে।
বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বিল নিয়ে কারও আপত্তি বা পরামর্শ থাকলে তা রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির কাছে লিখিতভাবে জমা দেওয়া যাবে। তবে তিনি স্পষ্ট করে দেন, “আমরা সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবেই। সেই প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর।”
