উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে গ্রন্থাগারে মানবসম্পদের অভাব, দ্রুত নিয়োগের দাবি জোরালো
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত গ্রামীণ গ্রন্থাগারগুলিতে কর্মী সংকট তীব্র আকার ধারণ করেছে। ২০২২ সাল থেকে জেলার অন্তত ১২টি গ্রামীণ গ্রন্থাগারিকের পদ শূন্য পড়ে রয়েছে বলে অভিযোগ। এর ফলে বই পড়া, পাঠক পরিষেবা ও গ্রন্থাগার পরিচালনায় মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে শূন্যপদে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার জেলা গ্রন্থাগার আধিকারিকের কাছে ডেপুটেশন দিল ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ সংগঠন।
ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের এক প্রতিনিধির অভিযোগ, “গ্রন্থাগারিক না থাকায় বহু গ্রামীণ গ্রন্থাগার কার্যত অচল অবস্থায় রয়েছে। গ্রামের পাঠকদের জন্য যে তথ্য ও জ্ঞানভিত্তিক পরিসেবা দেওয়ার কথা, তা বিঘ্নিত হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়াসেও ভাটা পড়েছে।”
আরও পড়ুনঃ প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী প্রেমিক! চাঞ্চল্য রায়গঞ্জের সোহারই এলাকায়
সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, যত দ্রুত সম্ভব সমস্ত শূন্যপদে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী নিয়োগ করতে হবে। এদিন তাদের পক্ষ থেকে একটি লিখিত দাবিপত্র জেলা গ্রন্থাগার আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক বলেন, “নিয়োগের বিষয়টি আমাদের ঊর্ধ্বতন প্রশাসনের অনুমোদনের উপর নির্ভর করে। কিছু প্রশাসনিক জটিলতার কারণে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যায়নি। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং চেষ্টা চলছে সমস্যার দ্রুত সমাধান করার।”
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামীণ গ্রন্থাগারগুলিতে কর্মী স্বল্পতা দীর্ঘদিন ধরেই এক বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। প্রশাসনের তরফে এ বিষয়ে যত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, ততই উপকৃত হবেন জেলার পাঠক ও শিক্ষার্থীরা।
