ভাইরাল খবর
স্ত্রীর অকালপ্রয়াণে ভেঙে পড়লেন ক্রোমা, সোশাল মিডিয়ায় জানালেন হৃদয়বিদারক খবর
ডিজিটাল ডেস্কঃ আচমকা প্রয়াত হলেন লাইবেরিয়ার ফুটবলার আনসুমানা ক্রোমার (Ansumana Kromah) স্ত্রী এবং বঙ্গকন্যা পূজা দত্ত (Puja Dutta)। বুধবার সকালে নিজের স্ত্রী’র মৃত্যু সংবাদ সোশাল মিডিয়ায় শেয়ার (Social Media Share) করেন ক্রোমা। ২০১৯ সালে কলকাতার মেয়ে পূজার সঙ্গে বিয়ে করেন তিনি। বিয়ের পর পূজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন সাদিয়া (Sadia)।
দুজনের সংসারে রয়েছে দুটি ছোট সন্তান। বড় মেয়ের বয়স ৫ বছর (5 years), আর দ্বিতীয় সন্তানের বয়স মাত্র ২ মাস (2 months)। পূজার এই অকালপ্রয়াণে গভীর শোক নেমে এসেছে কলকাতার ময়দানে (Kolkata Maidan)। কীভাবে এই মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
গত মাসেই পূজার জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছিলেন ক্রোমা। অথচ মাত্র এক মাসের ব্যবধানে জীবনে এমন দুঃসংবাদ যে অপেক্ষা করছিল, তা কে জানত?
সোশাল মিডিয়ায় স্ত্রীর উদ্দেশ্যে ক্রোমা লিখেছেন,
“তুমি আমাদের বড্ড তাড়াতাড়ি ছেড়ে গেলে সাদিয়া। আমার মন কষ্টে ভেঙে পড়ছে। আমাদের ৫ বছর আর ২ মাসের সন্তানদের কীভাবে বোঝাব, তাদের মা আর নেই? আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে একদিন সবাইকে যেতে হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে আচমকা ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হন ক্রোমা নিজেই। স্ট্রোকের (Stroke) ফলে শরীরের ডান দিক অসাড় হয়ে গেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই কঠিন সময়ে স্ত্রী পূজা ছিলেন সবসময় পাশে। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও, এবার জীবনসঙ্গিনীকে হারিয়ে ভেঙে পড়েছেন ক্রোমা।
View this post on Instagram
ক্রোমা ও পূজার পরিচয় হয় ফেসবুকে (Facebook)। সেখান থেকে প্রেম, এরপর বিয়ে। একসময় কলকাতার ময়দান সরগরম ছিল এই আন্তর্জাতিক প্রেমকাহিনি নিয়ে। এমনকি ক্রোমা একবার বলেছিলেন, পূজা জীবনে আসার পরই মোহনবাগান (Mohun Bagan) থেকে খেলার প্রস্তাব পান।
ক্রোমা কলকাতার ফুটবলে (Kolkata Football) এক পরিচিত মুখ। মোহনবাগান, ইস্টবেঙ্গল (East Bengal), চার্চিল ব্রাদার্স (Churchill Brothers) সহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। গত মরশুমে আই লিগের (I-League) ক্লাব নেরোকা’র (NEROCA FC) হয়ে খেলেছেন এবং কলকাতা লিগেও (Calcutta Football League) সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
স্ত্রীর হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন এই বিদেশি ফুটবলার, যার হৃদয়ে আজ শুধুই শূন্যতা।
