রাজনীতি
সল্টলেকের গর্তে জমা জলে ‘কই মাছ’, অভিনব প্রতিবাদ বিজেপি কর্মীদের! স্মার্ট সিটিতে দুর্নীতির অভিযোগে তোলপাড়
ডিজিটাল ডেস্কঃ স্মার্ট সিটি তকমা থাকলেও বর্ষার সামান্য জলেই বিধাননগরের (Salt Lake) রাস্তাগুলি যেন রূপ নিচ্ছে মৃত্যুফাঁদে। খোঁড়াখুঁড়ির পরে বৃষ্টিতে ধুয়ে গিয়েছে রাস্তাগুলোর ওপরের আস্তরণ, আর তার জেরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ গর্ত। এসব গর্তে জমেছে জল, আর সেই জলেই মঙ্গলবার অভিনব বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP Protest) কর্মীরা।
সল্টলেকের ডিজে ব্লকে (DJ Block Road Condition) রাস্তার ওপর জমে থাকা জলে তাঁরা ছেড়ে দেন কেজি প্রতি ৮০০ টাকা দামের জ্যান্ত কই মাছ! উদ্দেশ্য একটাই— পুর প্রশাসনের (Municipal Negligence) ঘুম ভাঙানো। বিজেপি নেতা সঞ্জয় পোদ্দার (Sanjay Poddar) কথায়, “বর্ষার আগেই রাস্তা সারানো হয়েছিল। এত উন্নত মানের কাজ হয়েছে যে বৃষ্টি নামতেই সব উঠে গেল! দুর্নীতি ছাড়া এর ব্যাখ্যা নেই।”
বিক্ষোভস্থল রাজ্যের প্রশাসনিক সদর দফতর ‘নবান্ন অ্যানেক্স’ এবং পুলিশের নিয়োগ ভবনের একেবারে পাশেই। প্রতিদিন এই রাস্তা দিয়েই চলাচল করেন একাধিক শীর্ষ আমলা। তবু সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
‘Smart City’ তকমা নিয়ে কটাক্ষ করে বিক্ষোভকারীরা বলেন, “এই শহরেরই নাম স্মার্ট সিটি! যেখানে জল জমা রাস্তায় মাছ ছাড়া যায়!” ফলে, তীব্র যানজট তৈরি হয় গোটা এলাকায়। কৌতূহলী জনতার ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেকের গুরুত্বপূর্ণ এই রুট। পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, ঘটনাস্থল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত। তবে এই প্রতিবাদের পর এখনও পর্যন্ত তাঁর বা পুরনিগমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। মিললে তা আপডেট করা হবে।
