ভাইরাল খবর
বিসিসিআইয়ের নতুন নিয়মে অসন্তুষ্ট কোহলি, বিদেশ সফরে পরিবার নিষিদ্ধ
ডিজিটাল ডেস্কঃ বর্ডার-গাভাস্কার ট্রফির ব্যর্থতার পর বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার নিয়ে যাওয়ার বিষয়ে নতুন নিয়ম জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন নির্দেশনা অনুযায়ী, ৪৫ দিনের কম সময়ের সফরে ক্রিকেটাররা স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন না। তবে ৪৫ দিনের বেশি সময় হলে মাত্র ১৪ দিনের জন্য পরিবার সঙ্গে রাখার অনুমতি মিলবে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিরাট কোহলি।
আইপিএল দল রয়্যাল চ্যাঅ্ঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে কোহলি বলেন, “মনে হচ্ছে যারা এই নিয়ম ঠিক করেছে, তারা পরিবার ও সম্পর্কের গুরুত্ব বোঝে না। মাঠের কঠিন সময়ের পর পরিবারের সান্নিধ্য পাওয়া মানসিকভাবে স্বাভাবিক থাকার জন্য অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “কেউই একা একা থাকতে চায় না। কঠিন পরিস্থিতিতে পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করে। কিন্তু বিসিসিআইয়ের এই নতুন নিয়ম আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করছে।”
আরও পড়ুনঃ পাকিস্তানের পঞ্জাবে বলিউড গানের উপর নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা
বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের উপস্থিতি পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে বলে অনেকের ধারণা। তবে কোহলির মতে, এটা একেবারেই ভুল ধারণা। বিসিসিআইয়ের এই নতুন নিয়মের কারণে অনেক ক্রিকেটারই অসন্তুষ্ট। এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির সময় রোহিত শর্মা ও অন্যান্য ক্রিকেটাররা বিশেষ অনুমতির ভিত্তিতে একটি ম্যাচে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন।
অনুষ্ঠানে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কোহলি। তাঁর মতে, “খেলার বিশ্লেষণের বদলে ক্রিকেটারদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, খাবার বা চুলের স্টাইল নিয়ে আলোচনা করা অনর্থক।” বর্তমানে কোহলির লক্ষ্য আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করা।
