ভাইরাল খবর
কবি সুভাষ মেট্রো স্টেশন নতুন করে গড়ে উঠছে, কবে খুলছে মেট্রো স্টেশন?জানুন বিস্তারিত
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার জোরকদমে কাজ শুরু হতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kabi Subhash Metro Station)। গত বছর জুলাই মাসে পিলারে (Pillar) ফাটল ধরা পড়ার কারণে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয়েছিল এই স্টেশন। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬-৭ মাসের মধ্যে স্টেশনটি সম্পূর্ণ নতুন করে নির্মাণ হয়ে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন পুনরায় চালু হবে।
কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার (General Manager) শুভ্রাংশু শেখর মিশ্রা বলেছেন, “কবি সুভাষ মেট্রো স্টেশন অনেক পুরনো একটি ভবন। তাই সব দিক বিবেচনা করে কাজ করা হচ্ছে। আমরা আশা করছি ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করতে পারব।” ইতিমধ্যেই ই-টেন্ডার (e-Tender) প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুরনো স্টেশনটি ভেঙে নতুন করে তৈরি করার কাজ শুরু হবে। এই প্রকল্পের মোট খরচ প্রায় ৯.৪২ কোটি টাকা।
২০১০ সালে নির্মিত হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন, যা ব্লু লাইনের (Blue Line) দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন। স্টেশনে মোট ২১টি পিলার রয়েছে, যার মধ্যে চারটি পিলারে বড় ধরনের ফাটল পাওয়া যায় এবং প্ল্যাটফর্মের একাংশও বসে যাওয়ার সমস্যা দেখা দেয়।
স্টেশনটির কাঠামো মূল্যায়নের জন্য নিয়োজিত সমীক্ষক সংস্থার রিপোর্টও ইতিমধ্যেই জমা পড়েছে। জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে জোরকদমে কাজ শুরু হবে। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম (Shaheed Khudiram) স্টেশনের কাছে ক্রসওভার (Crossover) নির্মাণের পরিকল্পনাও শিগগিরই বাস্তবায়িত হবে।
এই কাজের পর অনেকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন পুনরায় যাত্রীদের সেবায় ফিরবে।


