রাজনীতি
জগদীপ ধনকড়ের বিদায়, মোদির শুভেচ্ছা বার্তা— বিরোধীদের সন্দেহ রাজনীতি নিয়ে
ডিজিটাল ডেস্কঃ ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সোমবার রাতে নিজের পদত্যাগপত্র পাঠানোর পর, মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তা গ্রহণ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ধনকড় উল্লেখ করেছেন “health-related reasons”, যদিও তাঁর ইস্তফাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সমাজমাধ্যমে ধনকড়ের অবসর জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ইংরেজি ও হিন্দিতে করা পোস্টে তিনি লেখেন,
Shri Jagdeep Dhankhar Ji has got many opportunities to serve our country in various capacities, including as the Vice President of India. Wishing him good health.
श्री जगदीप धनखड़ जी को भारत के उपराष्ट्रपति सहित कई भूमिकाओं में देश की सेवा करने का अवसर मिला है। मैं उनके उत्तम…
— Narendra Modi (@narendramodi) July 22, 2025
তবে ধনকড়ের পদত্যাগকে কেন্দ্র করে বিরোধী শিবির বিশেষ করে কংগ্রেস পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) সরাসরি ইঙ্গিত করেছেন, “এই পদত্যাগ শুধু অসুস্থতার অজুহাত নয়, এর পিছনে বড় কিছু রয়েছে। হয়তো মোদি সরকারের চাপেই তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।”
আরও পড়ুনঃ দল চাইলে খড়গপুরে লড়তে প্রস্তুত দিলীপ ঘোষ, ফিরছেন পুরনো জমিতে?
এই প্রেক্ষাপটে এখন নজর দেশবাসীর— কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি?
সর্বাধিক আলোচনায় রয়েছেন জেডিইউ নেতা ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং (Harivansh Narayan Singh)। সূত্রের দাবি, বিজেপি নেতৃত্ব তাঁকেই সামনে আনতে চাইছে, বিশেষ করে বিহারে রাজনৈতিক সমীকরণ বজায় রাখতে। নীতীশ কুমারের ঘনিষ্ঠ হরিবংশকে উপরাষ্ট্রপতির আসনে বসিয়ে বিজেপি বিহার ভোটের আগে রাজনৈতিক বার্তা দিতে চায় বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
অন্যদিকে, ধনকড়ের আকস্মিক ইস্তফা শুধু এক ব্যক্তির শারীরিক অবস্থার ফল নয়, বরং বৃহত্তর রাজনৈতিক চাল বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কার নাম চূড়ান্ত হয়।
(এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধনকড়ের শরীর সংক্রান্ত নির্দিষ্ট বিবরণ প্রকাশ্যে আসেনি।)