রাজ্যের খবর
“আমি নই, অন্য কেউ দায়ী” – আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পাল্টা অভিযোগে জল্পনা
ডিজিটাল ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Medical College) দুর্নীতি মামলায় (Corruption Case) মোড় ঘোরানোর ইঙ্গিত দিলেন অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court, Alipore) বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতেই, তাঁর পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত (Sanjay Dasgupta) অভিযোগ ঘুরিয়ে দেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (Akhtar Ali) দিকে।
আদালতে তিনি দাবি করেন, “হাসপাতালে আর্থিক অনিয়ম ও বেআইনি লেনদেন সন্দীপ ঘোষের সময় শুরু হয়নি, বরং আখতার আলির আমল থেকেই দুর্নীতির বীজ রোপণ হয়।” আইনজীবীর প্রশ্ন—“আখতার আলির বিরুদ্ধে কোনও departmental inquiry হয়েছিল কি?” আদালতে উপস্থিত স্বাস্থ্য ভবনের এক পদস্থ কর্তা জানান, “বিষয়টি Vigilance Commission-এ গিয়েছিল বলে মনে পড়ে।”
আরও পড়ুনঃ ইতিহাস গড়তে আজ আকাশে পাড়ি দিচ্ছে নিসার, ভারত-আমেরিকার যুগ্ম মহাকাশ অভিযান
এই স্বাস্থ্য আধিকারিকই অতীতে টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে financial misconduct-এর অভিযোগ দায়ের করেছিলেন। সেই প্রেক্ষিতে এদিন তাঁর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে, সন্দীপ ঘোষের আইনজীবী আরও অভিযোগ তোলেন, “আখতার আলির সময়ে হস্টেলের ক্যান্টিনে ‘unauthorised vendors’-দের বেআইনিভাবে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল।” যদিও এই প্রশ্নের উত্তরে সাক্ষী জানান, বিষয়টি তাঁর জানা নেই।
সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন আইনজীবী দাশগুপ্ত, “যিনি (আখতার আলি) সরাসরি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁকে CBI কেন সাক্ষীর তালিকায় রাখল না?”
CBI-র তদন্তে উঠে আসা এই দুর্নীতির মামলায় এখনো বহু তথ্য সামনে আসতে বাকি। আদালতে চলতি সাক্ষ্যগ্রহণ পর্বে আরও বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ও তদন্তকারী আধিকারিকেরা।
