ভাইরাল খবর
নন্দীগ্রামে শুভেন্দুর ভাইপোর হাতেখড়ি? মকর সংক্রান্তিতে দেবদীপ অধিকারী
ডিজিটাল ডেস্কঃ মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন নন্দীগ্রামের রাজনীতিতে নতুন চর্চার সূচনা। বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাইপো দেবদীপ অধিকারীকে প্রথমবার প্রকাশ্যে স্থানীয় কর্মসূচিতে প্রতিনিধির ভূমিকায় দেখা গেল। বুধবার নন্দীগ্রামের গাংড়াচর এলাকায় মকর সংক্রান্তি উপলক্ষে মন্দিরে পুজো ও প্রসাদ বিতরণের দায়িত্ব পালন করেন দেবদীপ।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এভাবেই শুভেন্দু অধিকারী ভাইপোর রাজনীতিতে হাতেখড়ি (Political Debut) করালেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান (Religious Programme), রাজনীতির সঙ্গে এর কোনও যোগ নেই।
জানা গিয়েছে, দেবদীপ অধিকারী শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে। বয়সে তরুণ, পেশায় আইনের ছাত্র (Law Student)। রাজনৈতিক পরিবারে বড় হলেও এখনও পর্যন্ত সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন না। তবে নন্দীগ্রামে এদিন তাঁকে মেজ কাকার প্রতিনিধি হিসেবে দেখা যাওয়ায় জল্পনা তুঙ্গে।
এদিকে, এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস (TMC)। নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের দাবি, শুভেন্দু অধিকারী ‘ভাইপো আতঙ্কে’ ভুগছেন এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতেই দেবদীপকে সামনে আনছেন।
উল্লেখ্য, সাধারণত নন্দীগ্রামে উপস্থিত থাকতে না পারলে শুভেন্দু অধিকারী তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীকে পাঠাতেন। কিন্তু এই প্রথম দেবদীপকে দায়িত্ব দেওয়া ঘিরে জেলার রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
