ভাইরাল খবর
এবার কি তবে ‘পদ্ম’ শিবিরে রাঘব? রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দিল আপ
ডিজিটাল ডেস্কঃ আম আদমি পার্টির (AAP) অন্দরে ফাটল এবার প্রকাশ্যে। রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের (Deputy Leader) পদ থেকে সাংসদ রাঘব চড্ডাকে সরিয়ে দিল অরবিন্দ কেজরিওয়ালের দল। শুধু পদ থেকেই সরানো নয়, রাজ্যসভার সচিবালয়কে (Secretariat) চিঠি দিয়ে দল জানিয়েছে, আপ-এর জন্য বরাদ্দ কোটা থেকে রাঘবকে কথা বলার সময় দেওয়ারও প্রয়োজন নেই। তাঁর জায়গায় নতুন ডেপুটি দলনেতা হিসেবে নিয়োগ করা হয়েছে অশোক মিত্তলকে।
দীর্ঘদিন ধরেই আপ নেতৃত্বের সঙ্গে রাঘবের দূরত্ব (Distance) তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। বিশেষ করে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Excise Policy Case) যখন অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছিলেন, তখন রাঘবকে সেভাবে দলের হয়ে সংসদে সরব হতে দেখা যায়নি। এমনকি কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পরও রাঘব তাঁর সঙ্গে দেখা করেননি বা সোশ্যাল মিডিয়ায় (Social Media) কোনো বার্তা দেননি। দলীয় কর্মসূচিতে তাঁর এই অনুপস্থিতি (Absence) এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াকে ভালো চোখে দেখেনি দল।
রাজনৈতিক মহলের মতে, রাঘব চড্ডার সাম্প্রতিক জনপ্রিয়তা এবং গিগ কর্মীদের অধিকার বা টেলিকম রিচার্জ নিয়ে তাঁর বলিষ্ঠ বক্তব্য তাঁকে জনগণের কাছে জনপ্রিয় (Popular) করে তুলেছিল। কিন্তু দলের অভ্যন্তরীণ সমীকরণে তিনি এখন ব্রাত্য। পাঞ্জাব ও গুজরাটের আসন্ন নির্বাচনের প্রস্তুতি থেকেও তাঁকে দূরে রাখা হয়েছে। আপ শিবিরের অনেকেরই ধারণা, রাঘব এবার বিজেপির (BJP) দিকে পা বাড়াতে পারেন। আপ-এর জন্মলগ্ন থেকে থাকা এই নেতার সংসদীয় ক্ষমতা এভাবে কেড়ে নেওয়াকে তাঁর রাজনৈতিক কেরিয়ারের বড় ধাক্কা (Blow) হিসেবেই দেখা হচ্ছে।


