বিশ্বের খবর
ইজরায়েল ও হামাসের মধ্যে তীব্র লড়াই, নিহত হামাসের সিটি কমান্ডার বাসেম ইসা
নিউজ ডেস্ক, ১৩ মে : করোনা আবহের মধ্যেই জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে চলছে ইজরায়েলের (Israel) তীব্র লড়াই। গাজায় লাগাতার বিমান হানার পালটা তেল আভিভ, আশকেলন-সহ একাধিক ইজরায়েলী শহরে রকেট হামলা চালাচ্ছে হামাসও।
এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫ জনের। উল্টোদিকে নিহত হয়েছেন ৭ ইজরায়েলী নাগরিকও। তবে গাজায় ইজরায়েলী যুদ্ধবিমানের বোমাবর্ষণে নিহত হয়েছে হামাসের সিটি কমান্ডার বাসেম ইসা। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬টি শিশু ও পাঁচ জন মহিলা রয়েছেন। ৮৬টি শিশু-সহ আহত অন্তত ৩৬৫ জন মানুষ। এদিকে, বুধবার রাতে ফের তেল আভিভ শহরে রকেট হামলা চালায় হামাস। ওই হামলায় একটি পাঁচ বছরের শিশু নিহত হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সব মিলিয়ে ১ সৈনিক-সহ ইজরায়েলে মৃতের সংখ্যা ৭। ইহুদি দেশটির নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’ জানিয়েছে, বিমান হানায় হামাসের সিটি কমান্ডার-সহ একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছে। নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, হামাসের রকেট গ্রুপের অন্যতম শীর্ষকর্তা জামা তাহলা, জঙ্গি সংগঠনটির অস্ত্রভাণ্ডারের দায়িত্বে থাকা জামাল জাবেদা ও ইঞ্জিনিয়ার হাজেম হাতিব। সব মিলিয়ে হামাসের কোমর প্রায় ভেঙে দিয়েছে ইহুদি দেশটি। ওই অঞ্চলে ‘সম্পূর্ণ শান্তি’ না ফেরা পর্যন্ত লড়াই জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ।
