দেশের খবর
জাপানকে টপকে চতুর্থ স্থানে ভারত, সামনে কেবল তিন দেশ
ডিজিটাল ডেস্ক: জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। শনিবার নীতি আয়োগের (NITI Aayog) গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঐতিহাসিক তথ্য জানালেন সংস্থার সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম (BVR Subrahmanyam)। তিনি জানান, ভারতের অর্থনীতি বর্তমানে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে এবং এই অর্থনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও মজবুত করেছে।
সুব্রহ্ম্যণম বলেন, “আমরা এখন আমেরিকা, চিন এবং জার্মানির পরেই—অর্থনীতির নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে। জাপানকেও আমরা ছাড়িয়ে গিয়েছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) তথ্য অনুযায়ীও সেই অবস্থান স্পষ্ট।” তিনি আরও বলেন, “বর্তমান পরিকল্পনা ও স্থির প্রচেষ্টা বজায় রাখতে পারলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।”
আরও পড়ুনঃ পরকীয়া সম্পর্কের ছায়া! একই শাড়িতে ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য
ভারতে উৎপাদন ক্ষেত্রেও দ্রুত অগ্রগতি হচ্ছে বলে জানান তিনি। অ্যাপলের (Apple) মতো সংস্থা দেশকে আইফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছে। ইতিমধ্যেই ভারতে আইফোন উৎপাদন শুরু হয়েছে এবং আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে বলেও জানান তিনি।
তবে এই নিয়ে আপত্তি তুলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতে উৎপাদিত আইফোন আমেরিকায় বিক্রি করতে হলে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নীতি আয়োগের সিইও বলেন, “শুল্ক কতটা বসবে তা এখনই বলা কঠিন। তবে আমরা যে ক্রমে সস্তা ও গুণমানসম্পন্ন উৎপাদনের গন্তব্য হয়ে উঠছি, তা অত্যন্ত ইতিবাচক লক্ষণ।”
সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, বর্তমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি ভারতের অনুকূলেই রয়েছে—এমনটাই মনে করছে নীতি আয়োগ।
