বিশ্বের খবর
আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত ১০
নিউজ ডেস্ক, ২৩ মার্চ : মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় এক পুলিশকর্মী-সহ মৃত্যু হয় ১০ জনের। কলারাডোর একটি দোকানে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলাকারীর এলোপাথারি গুলিবর্ষণে মৃত্যু সোমবার উত্তর কলারাডোর বোলডার শহরের ‘কিং স্কুপার্স’ নামের একটি দোকানে হামলা চালায় এক বন্দুকবাজ গুলির আঘাতে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।
এর মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশের পালটা গুলিতে হামলাকারী জখম হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে কলারাডোর গভর্নর জ্যারেড পলিস বলেন, “বোলডারে ঘটা এই মর্মান্তিক ঘটনায় আমার হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছে।” শহরটির মেয়র স্যাম উইভার বলেন, “এই ঘটনা ভাষায় ব্যক্ত করা যাবে না, তবে ক্ষত শুকিয়ে যাবে। আমরা আবার ঘুরে দাঁড়াব।” ঘটনার এক প্রত্যক্ষদর্শী রায়ান বরওসকি সিএনএন-কে বলেন, “একটি সোডা ও এক প্যাকেট চিপস আনতে গিয়ে প্রাণটাই খোয়া যাচ্ছিল। তবে হামলার পর অনেককেই দেখলাম বাকিদের দোকান থেকে বেরিয়ে যেতে সাহায্য করছেন। অনেকে আবার ভয়ে জমে গিয়ে এক জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ছিলেন।”এদিনের ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছে আমেরিকা। গত সপ্তাহে জর্জিয়ার আটলান্টায় তিনটি ম্যাসাজ পার্লার তথা স্পা-য়ে আটজনকে গুলি করে খুন করেছে ২১ বছরের শ্বেতাঙ্গ যুবক রবার্ট এ লং।
