পাকিস্তান
পণ দাবি–নির্যাতনের অভিযোগে রাজ্যপালের নাতি পুলিশের স্ক্যানারে
ডিজিটাল ডেস্কঃ কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের নাতি দেবেন্দ্র গেহলট (Devendra Gehlot)-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁর স্ত্রী দিব্যা গেহলট (Divya Gehlot)। দিব্যার দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর নিয়মিত পণ (Dowry)-এর দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। পাশাপাশি খুনের চেষ্টা ও চার বছরের মেয়েকে জোর করে আটকে রাখার অভিযোগও করেছেন তিনি। মধ্যপ্রদেশের রতলামের পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হতেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
দিব্যা জানান, বিয়ের পরই তিনি জানতে পারেন দেবেন্দ্র মদ (Alcohol), মাদক (Drugs)-এ আসক্ত এবং একাধিক পরকীয়া (Extramarital Affairs) সম্পর্কে জড়িয়ে ছিলেন। ২০২১ সালে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর নির্যাতন চরমে ওঠে। খাবার না দেওয়া, মারধর করার মতো ঘটনা নিত্যদিন ঘটত বলে অভিযোগ।
এফআইআর-এ তিনি চলতি বছরের ২৬ জানুয়ারির ভয়াবহ ঘটনার কথা উল্লেখ করেছেন—দিব্যার অভিযোগ, সেদিন নেশাগ্রস্ত দেবেন্দ্র তাকে মারধর করে এবং পণ না আনলে হত্যা করার হুমকি দেয়। এরপর নাকি তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় সারারাত ফেলে রাখা হয়। পরদিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ইন্দোরের বোম্বে হাসপাতালে রেফার করা হয়। বাবাকে পুরো চিকিৎসার খরচ দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ।
সবচেয়ে ভয়াবহ অভিযোগ—দিব্যার চার বছরের মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন আটকে রেখেছে এবং দেখা করার অনুমতিও দিচ্ছে না। দিব্যার দাবি, “আমি শুধু আমার মেয়েকে ফিরে চাই। একজন মা-ই সন্তানের যথাযথ যত্ন নিতে পারে।”
রতলম পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তবে দেবেন্দ্র ও তাঁর বাবা জিতেন্দ্র গেহলট সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, “অভিযোগ তোলা সহজ। সময় মতো সব তথ্য সামনে আসবে।”


