প্রতারণা
স্ত্রীর চাহিদা মেটাতে ডাকাতির পথে! ধরা পড়ল প্রাক্তন কর্পোরেট কর্মী
ডিজিটাল ডেস্কঃ স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে গিয়ে ডাকাতি—অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। রাজস্থানের জয়পুরে এমনই চাঞ্চল্যকর ঘটনায় হতবাক পুলিশ-প্রশাসন। জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ ঘিরেই ফাঁস হয় এই ঘটনা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চেন ছিনতাইকারীকে চিহ্নিত করে পুলিশ। তারপরেই অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয় পারিক (Parik), যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে পারিক জানায়, স্ত্রী দিনের পর দিন দামি পোশাক, সাজসজ্জা ও নানা বিলাসদ্রব্যের দাবি জানাচ্ছিলেন। একসময় তিনি আর মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের উচ্চবেতনের চাকরি ছেড়ে দেন। পারিক আগে একটি প্রাইভেট কোম্পানিতে Executive পদে কর্মরত ছিলেন। তবে স্ত্রীর ‘luxury lifestyle’-এর দাবি মেটাতে গিয়ে অপরাধ জগতে পা রাখতে বাধ্য হন বলে দাবি তার।
আরও পড়ুনঃ বাংলা ভাষাভাষীদের পক্ষে পথে মমতা, বোলপুর থেকে রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের ডাক
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্বীকার করেছেন যে, আর্থিক চাপে পড়েই তিনি ছিনতাইয়ের মতো অপরাধে যুক্ত হন। এখন প্রশ্ন উঠছে, তার স্ত্রী কি এই কুকর্মের বিষয়ে জানতেন? তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, পারিক এই একটাই ঘটনা ঘটিয়েছেন নাকি এর আগেও অন্য কোথাও ছিনতাই করেছেন এবং তার কোনও সহযোগী রয়েছে কিনা।
বর্তমানে পারিক পুলিশ হেফাজতে রয়েছেন। জয়পুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি পৃথক মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্ত্রীর বিলাসের চাপে কর্মজীবন ছেড়ে এমন পথ বেছে নেওয়ার ঘটনায় গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।