উত্তর দিনাজপুর
কালিয়াগঞ্জে ছোট ছেলের হাতে বাবার মৃত্যু, এলাকায় তীব্র চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ খোদ বাবাকেই খুনের (Murder) অভিযোগে কাঠগড়ায় ছোট ছেলে—এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছোট ছেলে শুভঙ্কর রায় ঘুম থেকে দেরিতে ওঠায় বাবা নির্মল রায় তাকে বকাঝকা করেন। অভিযোগ, এই বকাবকিতেই ক্ষিপ্ত হয়ে ছোট ছেলে বাবার উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর (Assault) শুরু করে। ছেলের মারে নির্মলবাবু মাটিতে লুটিয়ে পড়েন।
তৎক্ষণাৎ স্ত্রী মায়া রায় ও ছোট ছেলে মিলেই গুরুতর আহত নির্মল রায়কে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল (State General Hospital) নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (Medical College)–এ স্থানান্তর করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে মালদায় নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে মালদাতেই মৃত্যু হয় নির্মল রায়ের।
বুধবার সন্ধ্যায় মরদেহ বাড়িতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ (Protest) শুরু হয় পুরো এলাকায়। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভঙ্কর রায় ও মায়া রায়কে আটক (Detained) করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নির্মল রায়ের উপর অত্যাচার (Abuse) চালাত ছোট ছেলে ও স্ত্রী। এই ঘটনার পর অভিযুক্তদের কড়া আইনানুগ শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।