ভাইরাল খবর
গণনার শুরুতেই শিলিগুড়িতে নাটকীয় মোড়! খোলা পাওয়া গেল ৫টি ব্যালট ট্রাঙ্ক
ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার (Results declaration) জন্য ভোট গণনা শুরু হতেই চরম উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি কলেজের গণনাকেন্দ্রে (Counting center)। পোস্টাল ব্যালট (Postal ballot) রাখা ছয়টি ট্রাঙ্কের মধ্যে পাঁচটি আগে থেকেই খোলা থাকার অভিযোগ তুলে শোরগোল শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই চাঞ্চল্যকর ঘটনার জেরে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া— এই তিনটি গুরুত্বপূর্ণ আসনের গণনার কাজ সাময়িকভাবে থমকে গিয়েছে।
তৃণমূল এজেন্টদের দাবি, নিয়মানুযায়ী প্রার্থীদের প্রতিনিধিদের সামনেই ট্রাঙ্কগুলি খোলার কথা থাকলেও, গণনাকেন্দ্রে ঢুকে দেখা যায় সেগুলির তালা বা সিল (Seal) আগে থেকেই ভাঙা। ঘটনার গুরুত্ব বুঝে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব সরাসরি কারচুপির (Manipulation) অভিযোগ এনেছেন। তাঁর মতে, গণনায় জালিয়াতি করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। অন্যদিকে, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ জানিয়েছেন, একটি তালা লাগানো থাকলেও অন্যটি না থাকার কথা তিনি শুনেছেন।
এই বিতর্কের জেরে সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত (Suspended) রাখা হয়েছে। এর ফলে ইভিএম (EVM) গণনা শুরু হতেও বিলম্ব ঘটছে। পরিস্থিতি সামাল দিতে গণনাকেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ও পুলিশ। গোটা রাজ্যে ২৯৩টি আসনে ভোট গণনা চললেও শিলিগুড়ির এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও এখনও কোনো চূড়ান্ত বিবৃতি আসেনি। সব মিলিয়ে শিলিগুড়ির গণনাকেন্দ্রে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।


