হামলা
শহিদ পরিবারকে অপমান, পহেলগাম ইস্যুতে রাজস্থান সরকারের সাইটে সাইবার হামলা
ডিজিটাল ডেস্কঃ পহেলগাম হামলার আবহে ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ বার্তা ছড়াল পাকিস্তানি হ্যাকারদের তরফে। এবার তাদের নিশানায় পড়ল রাজস্থান সরকারের শিক্ষা দফতরের সরকারি ওয়েবসাইট। মঙ্গলবার সকালেই সেই ওয়েবসাইটে নজরে আসে হ্যাকারের ছাপ। হোমপেজে ভারতবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ব্যবহার করা হয় কুরুচিকর ভাষা, দেওয়া হয় আগ্রাসী হুমকি।
হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে একটি গোষ্ঠী, যারা নিজেদের ‘Pakistan Cyber Force’ বলে দাবি করেছে। ওয়েবসাইটে আপলোড করা বার্তায় পহেলগাম হামলাকে ‘ভারতের সাজানো ঘটনা’ বলে অভিহিত করা হয়। শুধু তাই নয়, ২০১৯ সালের বালাকোট উত্তরের প্রেক্ষিতে পাক সেনার হাতে ধরা পড়া উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে তারা। একজন শহিদ সেনার স্ত্রীর মর্যাদাকেও খাটো করে তীব্র বিতর্ক উসকে দিয়েছে।
আরও পড়ুনঃ জঙ্গি হানার পর নিরাপত্তা প্রশ্নে তৎপরতা, আধাসেনায় শুরু দ্রুত নিয়োগ প্রক্রিয়া
হ্যাকারদের বার্তায় লেখা ছিল, “তোমরাই আগুন ধরিয়েছিলে, এখন প্রস্তুত হও শেষ হওয়ার জন্য… এবার বুলেট নয়, শেষ কামড়।” পাশাপাশি, ‘চা দারুণ ছিল’ মন্তব্য করে অভিনন্দনের সেই ভিডিও নিয়েও ব্যঙ্গ করে তারা, যা অতীতে পাক সেনার লিক করা জেরার ভিডিওতে উঠে এসেছিল।
ঘটনার খবর পাওয়া মাত্রই ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার প্রযুক্তি দফতরকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওয়েবসাইটের মূল সার্ভারে কোনও তথ্য চুরি হয়নি, অর্থাৎ আক্রমণটি প্রতীকী উদ্দেশ্যে চালানো হয়েছে বলে অনুমান।
তবে সীমান্ত উত্তেজনার মধ্যে এই ধরনের সাইবার আক্রমণ যে পরোক্ষে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল—তা বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। সরকারি ওয়েবসাইট সুরক্ষায় আরও কড়াকড়ি আনার তাগিদ দিচ্ছেন তাঁরা।
