ডিজিটাল ডেস্কঃ সিপিএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya) ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দু’দফায় সাসপেন্ড হওয়া এই বর্ষীয়ান বাম নেতা সদ্য দলীয় সদস্যপদ ফিরে পেয়েছেন। কিন্তু তার আগেই আবার নতুন করে তাঁর বিরুদ্ধে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ঘুরছে কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট। অভিযোগ, “তন্ময় এখনও তন্ময়েই আছেন।” যদিও বাম নেতৃত্বের একাংশ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।
তার কাছে জানতে চাইলে তন্ময় ভট্টাচার্যের তিনি সংক্ষিপ্ত জবাবে জানান, “যা বলার কোর্ট বলবে, আইন বলবে। এখন কিছু বলব না।” সিপিএম নেতা সুজন চক্রবর্তীও (Sujan Chakraborty) বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, “আমি কিছু শুনিনি বা জানি না। সোশ্যাল মিডিয়ার সব কিছু তো দেখা হয় না। অভিযোগ মানেই সত্যি তা নয়।”
প্রসঙ্গত, গত বছর ২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। দাবি করেন, ইন্টারভিউ নিতে গিয়ে তাঁকে ‘inappropriately touched’ করা হয় এবং এমনকি ‘কোলে বসে পড়েন’ বলেও সরাসরি অভিযোগ তোলেন সাংবাদিকটি। ঘটনার পরপরই সিপিএম তন্ময়কে সাসপেন্ড করে এবং একাধিকবার দলীয় তদন্ত ও পুলিশি জেরা হয়।
Advertisement
পরবর্তীতে সাসপেনশন উঠলেও ফের তদন্তের ভিত্তিতে দ্বিতীয়বার তাঁকে সাসপেন্ড করে আলিমুদ্দিন স্ট্রিটের দল। সদ্য সেই সাসপেনশনের মেয়াদ শেষ হয়েছে, তিনি সদস্যপদ ফিরে পেয়েছেন। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত তন্ময়ের তরফে বা সিপিএমের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট বিবৃতি আসেনি। তবে ফের শৃঙ্খলার প্রশ্নে চাপে পড়তে চলেছে সিপিএম—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।