অপারেশন সিঁদুর
সিঁদুর বিতর্কে উত্তাল চুঁচুড়া, মহিলা পুলিশকে জোর করে সিঁদুর পরালেন বিজেপি কর্মীরা
ডিজিটাল ডেস্কঃ আলিপুরদুয়ার (Alipurduar) থেকে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) কৃতিত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বক্তব্য রাখতেই বিতর্কের সূত্রপাত। পালটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদির মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া ঝড় উঠেছে। বিজেপির অভিযোগ, ‘সিঁদুর’ নিয়ে মমতার মন্তব্য অপমান করেছে দেশের বিবাহিত নারীদের। সেই অভিযোগ ঘিরেই হুগলির (Hooghly) চুঁচুড়ায় রাস্তায় নামেন মহিলা বিজেপি (BJP) কর্মীরা।
চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, অবরোধ তুলতে এলে বিজেপি কর্মীরা জোর করে মহিলা সেভিক পুলিশ ও পুলিশকর্মীদের কপালে সিঁদুর (Vermilion) পরিয়ে দেন। এমনকী গালে ঘষে দেওয়া হয় সিঁদুর। পুলিশ আপত্তি জানালে শুরু হয় বাগ্বিতণ্ডা।
এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে নিরুপা চক্রবর্তী (Nirupa Chakraborty) বলেন, “সিঁদুর আমাদের আত্মসম্মানের প্রতীক। আমি যেমন পরি, তেমনই অন্য বিবাহিত মহিলারাও সিঁদুর পরবেন। সেটা আমাদের অধিকার।” যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের জন্য সমবেদনা জানাল কলম্বিয়া, পাল্টা বার্তা দিলেন শশী থারুর
প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam) এলাকায় জঙ্গি হামলার জবাবে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানায় ভারত। সেই প্রেক্ষিতেই আলিপুরদুয়ারের জনসভায় মোদি বলেন, “২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের সেনারা দেখিয়ে দিয়েছে সেই সিঁদুরের শক্তি। ভারতীয় সেনারা এমন জবাব দিয়েছে, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি।”
এই মন্তব্যকেই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সেনার নামেও ভোট চাইছেন মোদি। আগে ছিলেন চাওয়ালা, পরে চৌকিদার, আর এখন বলছেন সিঁদুর । মা-বোনেদের সিঁদুর কি এভাবে বিক্রি হয়? প্রত্যেক বিবাহিত মহিলা তাঁর স্বামীর কাছ থেকে সিঁদুর পান। আপনি কি সবাইকে সিঁদুর দিচ্ছেন? তাহলে নিজে স্ত্রীকে সিঁদুর পরান না কেন?”
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি দাবি করেছে, অপারেশন সিঁদুরের প্রতি অসম্মান জানিয়েই মূলত ‘নারীর সম্মান’-কে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী।
