ভাইরাল খবর
সেনাবাহিনী নিয়ে মন্তব্য ঘিরে তোপের মুখে ব্রাত্য, দমদমে মিছিলের ডাক শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ বিধানসভার বিশেষ অধিবেশনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সেনাবাহিনী নিয়ে করা মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের আগুন জ্বলেছে। সেই আগুনে ঘি ঢালতে মাঠে নামছে বিজেপি (BJP)। সূত্রের খবর, চলতি মাসেই দমদম (Dumdum) এলাকায় বড় মিছিল ও প্রতিবাদ সভার পরিকল্পনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
উল্লেখ্য, অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের রাজনৈতিক আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী ভেঙে দেয়। তখন মনে পড়ছিল ২৫ মার্চ, ১৯৭১— ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর হামলার রাত।” এই বক্তব্যকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। শুভেন্দুর অভিযোগ, ব্রাত্য বসু কার্যত ভারতীয় সেনাবাহিনীকে (Indian Army) পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা করেছেন।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অধিবেশনে আওয়াজ তোলেন শুভেন্দু। পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করেন। কিন্তু তাতেও থেমে থাকেনি বিজেপি। এখন সেই বক্তব্যের রেকর্ড ভাইরাল করে জনগণের সামনে তুলে ধরার কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
শুভেন্দুর কথায়, “এই অপমানের জবাব ব্রাত্য বসুর কেন্দ্র থেকেই দিতে হবে। ভোটারদের বুঝিয়ে দিতে হবে, একজন মন্ত্রী কীভাবে সেনাবাহিনীকে অসম্মান করেছেন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুজোর মরসুমের আগে দমদমে এই ইস্যুকে কাজে লাগিয়ে ময়দান গরম করতে চাইছে বিজেপি। শুধু দমদম নয়, রাজ্যজুড়েই প্রতিবাদের রূপরেখা তৈরি হচ্ছে। ফলে ফের উত্তাল হতে পারে রাজ্য রাজনীতি।


