ভাইরাল খবর
UP-তে থানায় গিয়ে অপমানিত বাঙালি তরুণী, কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি যোগীকে
ডিজিটাল ডেস্কঃ সুবিচার চেয়ে থানায় গিয়েছিলেন, উলটে পুলিশি হেনস্তার শিকার হতে হল এক বাঙালি তরুণীকে। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আম্বেদকর নগরের, যেখানে অভিযোগ জানাতে গিয়ে এক তরুণী কাটকা থানার (Katka Police Station) এক আধিকারিকের দ্বারা নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ। তরুণীর দাবি, থানায় এফআইআর (FIR) দায়ের তো হয়নি, বরং শারীরিক ও মানসিক নিগ্রহের মুখে পড়তে হয় তাঁকে।
অভিযোগকারিণী দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur, West Bengal) এলাকার বাসিন্দা, যিনি কিছুদিন আগে পর্যন্ত উত্তরপ্রদেশেই থাকতেন। অভিযোগ জানানোর জন্য তিনি জেলা পুলিশ সুপার (SP) এবং মহকুমা পুলিশ আধিকারিক (SDPO)-এর কাছেও গিয়েছিলেন, কিন্তু কোনও সহযোগিতা পাননি।
শেষমেশ বাধ্য হয়ে তিনি কেন্দ্রীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রামদাস আতাওয়ালের (Ramdas Athawale) দ্বারস্থ হন। অভিযোগ শোনার পর তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তৎক্ষণাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চিঠি লিখে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানান।
এই ঘটনার পর বিজেপি-শাসিত রাজ্যে নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বারবার নারী ক্ষমতায়নের কথা বললেও, যোগী রাজ্যে (Yogi’s UP) এই ধরনের ঘটনা ডবল ইঞ্জিন সরকারের (Double Engine Government) প্রশাসনিক ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বলে মনে করছেন অনেকেই।
এই ঘটনার ন্যায্য তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। এখন দেখার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না।


