ভাইরাল খবর
শ্বাসকষ্টের পর এবার ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ অগ্নিমিত্রা পাল, বেসরকারি হাসপাতালে
ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agneemitra Pal) শুক্রবার ভোরে ব্রেন স্ট্রোক (Brain Stroke) আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে খানিকটা স্থিতিশীল এবং ক্রমশ উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানান, মানসিক চাপ ও উত্তেজনার ফলে এই ঘটনা ঘটতে পারে।
রাতে সিটি স্ক্যানে ধরা পড়েছে মাইল্ড ব্রেন স্ট্রোক, যদিও অবস্থা গুরুতর নয়। ঝুঁকি এড়াতে তাঁকে কমপক্ষে তিনদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউরোমেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী সোমবার তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মাসেও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অগ্নিমিত্রাকে। ২১ আগস্ট আসানসোলে এক দলীয় কর্মসূচির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্টের কারণে রাতেই কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখযোগ্য, এই বছরেই বিজেপির তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)ও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় দিল্লির AIIMS-এ স্থানান্তর করা হয়। প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত অভিজিৎ দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়েছেন।
অগ্নিমিত্রার শারীরিক অবস্থার উন্নতি কামনা করছেন রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষ।


