ভাইরাল খবর
মাসির ক্যানসারে বছর নষ্টের আশঙ্কা! পরীক্ষার সুযোগ করে দিলেন অভিষেক
ডিজিটাল ডেস্কঃ ক্যানসার আক্রান্ত মাসির চিকিৎসার জন্য মুম্বইয়ের হাসপাতালে থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেননি ডায়মন্ড হারবারের নেতড়া হাইস্কুলের ছাত্রী আফ্রিদা খাতুন। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন (Registration) না হওয়ায় পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অ্যাডমিট কার্ড (Admit Card) না পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি।
নেতড়ার নস্করপাড়া এলাকার বাসিন্দা আফ্রিদার বাবা নুরুল হুদা মণ্ডল বহু বছর আগে প্রয়াত। মা সাহানা বিবি লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। মাস পাঁচেক আগে ক্যানসার আক্রান্ত মাসি কাশ্মীরা বিবির চিকিৎসার জন্য আফ্রিদাকে মুম্বই যেতে হয়। সেই কারণেই পরীক্ষার ফর্ম পূরণ করা হয়নি।
মঙ্গলবার রাতে বাড়ি ফিরে পরীক্ষা দেওয়ার ইচ্ছা জানিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিষয়টি ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামিম আহমেদের মাধ্যমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়। তাঁর উদ্যোগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (Council) সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার স্কুলের তরফে পরীক্ষায় বসার আবেদন জানানো হয় এবং প্রয়োজনীয় ফিসের ব্যবস্থাও করা হয়। সন্ধ্যার মধ্যেই হাতে আসে অ্যাডমিট কার্ড। পরীক্ষায় বসছেন আফ্রিদা। সহযোগিতার জন্য সাংসদ ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।


